রাজধানীতে স্বর্ণ ও অস্ত্রসহ ১২ জন গ্রেপ্তার
রাজধানীর মিরপুর এলাকার পূর্ব শেওড়াপাড়ায় নয় ভরি স্বর্ণ ও ধারালো অস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাদের করা হয়। ডিবির ভাষ্য, তারা ডাকাতির সঙ্গে জড়িত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো লিয়াকত, আবদুল মতিন, ওসমান আলী, এমরামুল হক, মোতাহার ওরফে মোতা, হাকিম মোল্লা, রোকন মিয়া, ফজলুর রহমান, নয়ন মিয়া, সুমন মোল্লা, আবদুল শহীদ ও এবাদুল্লাহ। তাদের কাছ থেকে চাপাতি ও দাসহ ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৯৪৩ ও ৯৩৯ পূর্ব শেওড়াপাড়া থেকে এই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করে আসছে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে।