রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১২
রাজধানীর দারুসসালাম থানার শাহ আলী মাজারের বিপরীত পাশের সড়কে গতকাল শুক্রবার দিবাগত ভোর রাতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। পৃথক ঘটনায় জাতীয় প্রেসক্লাব ও কারওয়ান বাজারসংলগ্ন সড়কে ১২ জন আহত হয়েছেন। দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক প্রথম আলোকে জানান, ১১ নম্বর প্লটসংলগ্ন সড়কে গতকাল ভোর চারটার দিকে একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন বলে তিনি জানান। এসআই আরও জানান, নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি একজন রিকশাচালক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রাকের ধাক্কায় ১১ জন আহত হয়েছেন। তাঁরা হলেন: নূরুল ইসলাম (৭০), হামীম (২৪), মনির (২৮), আলী আসগর (১৭), জহিরুল (৬০), আবদুল আওয়াল (৩২), আবদুর রাজ্জাক (৬০), রাশেদ (২৩), বিল্লাল (২৩), রুবেল (২০) ও আবু নাইম (১৮)। তাঁদের মধ্যে নূরুল ইসলাম, হামীম ও মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া গতকাল বিকেল পাঁচটার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজারের ওয়াসা ভবনসংলগ্ন সড়ক পারাপারের সময় পিকআপের ধাক্কায় মানিক (৫০) নামের একজন শ্রমিক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াহাব জানান, পুলিশ পিকআপসহ চালককে আটক করেছে। মানিক কারওয়ান বাজারে তরকারি বহনকারী একজন শ্রমিক বলে জানা গেছে।