রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে পদচারী-সেতুর সামনে বাসের ধাক্কায় ভাইবোনসহ ব্যক্তিগত গাড়ির তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন মজুমদার (৭০), তাঁর বোন মিলন আক্তার (৫০) ও ভাগনি মোসাম্মত লাভলি (২২)।

মিলন আক্তার চাঁদপুরের কচুয়া থেকে মেয়েকে সঙ্গে করে সপ্তাহ দুয়েক আগে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর তিন ছেলে ঢাকায় থাকে। কথা ছিল একমাত্র মেয়েকে নিয়ে ছেলেদের বাড়িতে যাবেন। শেষ পর্যন্ত মা-মেয়ের আর যাত্রাবাড়ীতে যাওয়া হয়নি।
নিহত ব্যক্তিদের স্বজন আলীম হোসাইন প্রথম আলোকে বলেন, দেলোয়ার হোসেন মজুমদার গাজীপুর থেকে ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীর একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছিলেন। সঙ্গে ছিলেন বোন ও ভাগনি। কথা ছিল বোনকে যাত্রাবাড়ীতে তাঁর ছেলেদের বাড়িতে নামিয়ে চিকিৎসকের কাছে যাবেন। খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যালয়ের উল্টোদিকে এলে গাড়িটিকে ময়মনসিংহ থেকে আসা এনা পরিবহন পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি সামনে থাকা তেঁতুলিয়া পরিবহনের পেছনে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। প্রাণে বেঁচে যান গাড়িচালক মো. সবুজ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা মামলা করতে চাননি। তাঁরা খিলক্ষেত থানা থেকে তিনজনের লাশ দাফনের জন্য রাতেই নিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের বাড়ি চাঁদপুরের কচুয়ার বরুরচর এলাকায়। দেলোয়ার হোসেন মজুমদারের লাশ গাজীপুরে এবং মা ও মেয়ের লাশ চাঁদপুরের কচুয়ায় দাফন করার কথা রয়েছে। রাতেই লাশ নিয়ে স্বজনেরা দেশের বাড়িতে রওনা দিয়েছেন।
ওসি বলেন, এনা পরিবহনের বাসটি আটক করা হলেও বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।