রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর কুড়িল ও শেওড়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ ছাড়া খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
আজ শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের সামনের কাচ ভেঙে সড়কে পড়ে গিয়ে মারা যান নাসরিন আক্তার (১৯) নামের এক তরুণী। তিনি পোশাক কারখানার কর্মী বলে পুলিশ জানিয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তরুণীর গ্রামের বাড়ি বরিশালের হিজলায়। আজ ভোরেই তিনি ঢাকা আসেন। এর পর তিনি বাসে করে টঙ্গী যাচ্ছিলেন। বাসটি কুড়িল বিশ্বরোড উড়ালসেতুর নিচে গেলে চালক হঠাৎ কড়া ব্রেক করেন। এতে সামনের নারী আসনে বসা নাসরিন বাসটির সামনের কাচ ভেঙে নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজধানীর শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মো. সেলিম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক চাকরিজীবী মারা গেছেন। কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় রাস্তা পারাপারের সময় সেলিমকে একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি মারা যান। বাসটির চালক বাস নিয়ে পালিয়ে যান।
ছাদ থেকে পড়ে মৃত্যু: খিলগাঁওয়ের তালতলা এলাকায় আজ বেলা ১১টার দিকে একটি সাততলা বাড়ির ছাদ থেকে পড়ে মনিরুজ্জামান (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কবীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান বাড়ির ছাদে কবুতর পুষতেন। আজ সকালে বাড়ির ছাদের পানির ট্যাংকে উঠে তিনি কবুতরকে খাবার দিচ্ছিলেন। পানির ট্যাংকটি বৃষ্টির কারণে পিচ্ছিল ছিল। একপর্যায়ে তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।