রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মাহমুদা সিদ্দিকা চামেলী (৫৮), ফজল সরকার (৭৬) ও আবদুল হালিম (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মামুনুর রশীদ (৩৫) তাঁর মা মাহমুদা সিদ্দিকা চামেলীকে নিয়ে মোটরসাইকেলে করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। এ সময় ফার্মগেটের আনন্দ সিনেমা হলসংলগ্ন ওভারব্রিজের নিচে একটি মিনিবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে মাহমুদা সিদ্দিকা ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে গেলে মামুনুর রশীদ সামান্য আহত হন। পরে পুলিশ মাহমুদা সিদ্দিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তেজগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় মামল হয়েছে। এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে টিসিএল পরিবহনের একটি বাস পেছন থেকে চাকরিচ্যুত পুলিশের কনস্টেবল আবদুল হালিমের রিকশাকে (৩৫) চাপা দেয়। এতে হালিম ঘটনাস্থলেই নিহত হন। চালক কাইয়ুমসহ পুলিশ বাসটি আটক করেছে। পরে পুলিশ হালিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পারিবারিক সূত্র জানায়, ডেমরার কোনাপাড়ার ফাঁড়িতে কর্মরত থাকাকালে হালিম চাকরিচ্যুত হন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের ত্রিপলতলায়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পল্টনের প্রধান সড়কে বেপরোয়া গতির একটি ট্রাক বৃদ্ধ ফজল সরকারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাকরাইলের গ্যারেজপাড়ার নৈশপ্রহরী ফজল সরকার ১৭/১৫/এ মানিকনগরে থাকতেন।