রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম ও মাতুয়াইল এলাকায় আজ শুক্রবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজনসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহত অন্যজনের নাম মো. হাবিবুল্লাহ (২৩)। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, আজ ভোরে হাবিবুল্লাহ তাঁর দুলা ভাই ফারুককে নিয়ে রিকশায় করে বাসায় যাচ্ছিলেন। এ সময় টেকনিক্যাল এলাকায় একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল ছয়টার দিকে হাবিবুল্লাহকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আজ সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এশিয়া পরিবহনের একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন।

যাত্রাবাড়ী থানার এসআই জাহাঙ্গীর হোসেন খান প্রথম আলোকে বলেন, অটোরিকশা চালক কাল্লু মিয়া ও যাত্রীকে (৫০) ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সকাল নয়টার দিকে ওই যাত্রী মারা যান।