রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ও লালবাগে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, যাত্রাবাড়ীর শনির আখড়া বাসস্টেশনের সামনে বেলা দুইটার দিকে একটি প্রাইভেট কার পেছন দিক থেকে মো. আবদুর রশিদকে (৪৬) ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আবদুর রশিদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, আবদুর রশিদ লেকচার পাবলিকেশনে লিখতেন এবং কোচিং সেন্টারে পড়াতেন। শনির আখড়ায় তাঁর বাসা।
এদিকে লালবাগ পশ্চিম শহিদ নগর বেড়িবাঁধে কাভার্ড ভ্যানের চাপায় মো. আলী হোসেন (৩০) নামের এক শ্রমিক মারা গেছেন। আলী হোসেনের এক আত্মীয় মো. হাসমত জানান, আলী হোসেন দিনমজুর ছিলেন। বেলা দুইটার দিকে বেড়িবাঁধে একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলী হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মো. কাশেম ব্যাপারীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।