রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

রাজধানীর ভাটারা থানা এলাকায় কোকাকোলা মোড়ের সামনে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালক। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। কোনো এক যানের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। তবে এ যানের বিষয়ে কিছু জানা যায়নি।

নিহত দুজন হলেন মো. বেলাল (৩০) ও শ্যামল (৩৫)। আহত চালক আবু সাইদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাটারা এলাকার ট্রাফিক পুলিশ নুরুল ইসলাম। তিনি জানান, তখন তাঁর ডিউটি ছিল না। তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কোকাকোলা মোড়ে প্রগতি সরণিতে গিয়ে দেখেন অটোরিকশা উল্টে আছে। আর সড়কে রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ে রয়েছেন।

সেখানে কয়েকজন জানান, কোনো একটি পরিবহনের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায়। তবে পরিবহনটি বাস, ট্রাক, নাকি ব্যক্তিগত গাড়ি, তা জানা যায়নি। পরে তিনি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, আজ সকাল সোয়া সাতটার দিকে ওই তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে বেলাল ও শ্যামলকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক আবু সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।