রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রমনা থানার পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে হাতিরঝিলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এর চালক বাঁধন রানা (১৮) সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে সমানতালে মোটরসাইকেল চালাতে থাকা তাঁর বন্ধু হাবিবুর রহমান (১৮) এ সময় আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, বাঁধন ও হাবিবুরের বাসা বাড্ডায়। গতকাল তাঁরা দুজন হাতিরঝিলে পাশাপাশি ও দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি হাতিরঝিলের পানির পাম্পের পশ্চিম পাশে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে বাঁধন সড়কে পড়ে যান। ওই মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেলের চালকও পড়ে যান।
তেজগাঁও থানার এসআই নিজামুল হক জানান, সকাল সাড়ে আটটার দিকে ফার্মগেটে তেজগাঁও মহিলা কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (২৫) মারা যান। তাঁকে ধাক্কা দিয়েই গাড়িটি দ্রুতগতিতে চলে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গাবতলীর দ্বীপনগর স্লুইচগেট এলাকায় গাড়ির ধাক্কায় মো. রাসেল নামের এক শ্রমিক নিহত হন।
দুপুরে পোস্তগোলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৩৫) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেলেও শ্যামপুর থানার পুলিশ এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।