রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলাম। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। আহত নজরুলকে পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তাঁর বাঁ কাঁধের হাড় ফেটে গেছে।নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ে তিনি শেওড়াপাড়ার বাসা থেকে কারওয়ান বাজারে অফিসের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের উল্টো দিকে পেছন থেকে একটি ট্যাক্সিক্যাব তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পেছনে আর গাড়ি না থাকায় তিনি রক্ষা পান।খবর পেয়ে প্রথম আলোর সাংবাদিকেরা গিয়ে নজরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে এক্স-রে করার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনুপম বড়ুয়া জানান, তাঁর কাঁধের একটি হাড় ফেটে গেছে। চিকিৎসকেরা তাঁর বাঁ হাত ও কাঁধে প্লাস্টার করে দেন।জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আবদুল আউয়াল জানান, নজরুল এখন আশঙ্কামুক্ত। তবে তাঁকে বিশ্রামে থাকতে হবে।নজরুলের আহত হওয়ার খবর পেয়ে বিভিন্ন দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকেরা ছুটে যান পঙ্গু হাসপাতালে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান নজরুলকে দেখতে তাঁর বাসায় যান।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। তবে নজরুলকে ধাক্কা দিয়েই ট্যাক্সিক্যাবটি পালিয়ে গেছে।রাজধানীতে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হতাহতের ঘটনা বাড়ছে। গত বছরের ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের চাপায় ডান পা হারান সাংবাদিক নিখিল ভদ্র। এ বছরের ৮ জানুয়ারি কাকরাইলে বাসচাপায় মারা যান মোটরসাইকেল আরোহী সাংবাদিক দীনেশ দাস। ১১ মে বাসের চাপায় ধানমন্ডিতে মারা যান ইন্ডিপেনডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। একই দিন রূপসী বাংলা হোটেলের সামনে মারা যান বরিশালের স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক শহীদুজ্জামান।