রাজধানীতে সড়কে নিভল দুই প্রাণ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
উত্তরার আবদুল্লাহপুরে শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে কাভার্ডভ্যান চাপায় আবদুল আলীম মণ্ডল (২৮) নামে টাইলস মিস্ত্রি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সুজন কুমার রায় জানান, আলীমের মৃত্যুর সংবাদ পেয়ে ওই হাসপাতাল থেকে রাত ২ টা ২০ মিনিট সময়, ভাই মিজানের সূত্রমতে তার মৃতদেহ উদ্ধার করে, ঢামেক মর্গে পাঠানো হয়। নিহত আলীম চুয়াডাঙ্গা সদর জেলার হোগলাডাংঙ্গা গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে ৫৮ নম্বর বাসায় থাকতেন।
অপরদিকে, সবুজবাগ থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, সবুজবাগের বৌদ্ধ মন্দির এলাকায় আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় হিমালয় পরিবহনের একটি যাত্রাবাহী বাসের চাপায় নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ঘাতক বাস ও চালক কে আটক করা হয়েছে। পরে মৃতদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে ছিল সাদা প্রিন্টের শার্ট ও চেক লুঙ্গি।