রাজধানীতে হজ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল হাব আয়োজিত হজ মেলায় প্রথম আলোর স্টলে হজ সম্পর্কিত বিভিন্ন বিষয় জেনে নেন দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল হাব আয়োজিত হজ মেলায় প্রথম আলোর স্টলে হজ সম্পর্কিত বিভিন্ন বিষয় জেনে নেন দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে অষ্টম হজ ও ওমরাহ মেলা-২০১৫। পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সিগুলোর সেতুবন্ধ রচনা করতেই হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চার দিনের এই মেলার আয়োজন করেছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হজের বিভিন্ন ধরনের প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছে। এখানে নিবন্ধনেরও সুযোগ রয়েছে। মেলায় প্রথম আলোরও একটি স্টল রয়েছে এবং সেখান থেকে বিনা মূল্যে হজ গাইড দেওয়া হচ্ছে।
মেলার উদ্বোধন উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছর অনেক আগেই হজনীতি ঘোষণা করেছে সরকার। এর অনেক সুবিধা আছে। আগে আগে সব প্রক্রিয়া শেষ হলে হজযাত্রীরা নিশ্চিন্তে থাকতে পারবেন। তিনি বলেন, হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে না। তারপরও তিনি পুলিশের বিশেষ শাখাকে এ ব্যাপারে নির্দেশনা দেবেন, যেন দ্রুত সবকিছু হয়। প্রয়োজনে আলাদা ডেস্ক করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দু-একটি প্রতিষ্ঠানের জন্য যেন হাবের বদনাম না হয়, সে ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত।
বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বলেন, হজ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা প্রতারণা কোনোভাবেই সরকার মেনে নেবে না। হজ এজেন্সিগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ব্যবসা করুন। কিন্তু কোনোভাবেই প্রতারণা করবেন না মানুষের সঙ্গে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর কিছু প্রতিষ্ঠান হাজিদের সঙ্গে প্রতারণা করেছিল। পরে সরকারের উদ্যোগে তাঁরা হজে যেতে সক্ষম হন। এ ধরনের কিছু যেন এবার না হয়। হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের টাকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবির বিষয়ে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করা হবে।
স্বাগত বক্তব্যে হাবের সভাপতি ইব্রাহিম বাহার বলেন, গত ১৫ ডিসেম্বর হজের জন্য নিবন্ধনের প্রক্রিয়া শুরু হলেও এখন পর্যন্ত¯এজেন্সিগুলোতে সেভাবে নিবন্ধন করতে লোকজন আসেননি। অথচ ৫ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ তারিখ। এ কারণেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, হজে যেতে এবার নিবন্ধনের সময়ই অর্ধেকের বেশি টাকা দিয়ে দিতে হবে। এতে হজে যেতে ইচ্ছুক যাঁরা গ্রামগঞ্জে থাকেন, তাঁদের জন্য সমস্যা হবে। তাই ৫ ফেব্রুয়ারির মধ্যে শুধু মোয়াল্লেম ফি নিয়ে বাকি টাকা কিস্তির মাধ্যমে জুনের মধ্যে নেওয়া যেতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) জাহাঙ্গীর আলম, হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বজলুল হকের নেতৃত্বে অতিথিরা মেলা ঘুরে দেখেন।
৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
২০১৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

মেলায় বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান
মেলায় বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান