রাজধানীতে হঠাৎ ঘন কুয়াশা, শীতল হাওয়া
রাজধানী ঢাকার বাসিন্দারা গতকাল সোমবার সকালে ঘুম ভেঙে দেখেছেন ঘন কুয়াশা। পেয়েছেন শীতল হাওয়ার পরশ, হঠাৎ বেড়ে যাওয়া শীতের অনুভূতি। রোদের দেখা মেলেনি তেমন একটা।আবহাওয়াবিদেরা বলেছেন, ঢাকায় এক দিনের ব্যবধানে দিনের তাপমাত্রা ৬ ডিগ্রি ও রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় হঠাৎ শীতের অনুভূতি বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও কমে এসেছে। তাই শৈত্যপ্রবাহ ছাড়াই তীব্র শীতের কবলে পড়েছে রাজধানীবাসী। আজ মঙ্গলবারও রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি কুয়াশা ও শীতের অনুভূতি বজায় থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা ২৩ দশমিক ৫ থেকে কমে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৬ দশমিক ৪ থেকে কমে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তবে রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আজকের মধ্যে তা রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ সারা দেশের বেশ কিছু অঞ্চলে বিস্তৃত হতে পারে। ঢাকা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, দেশের উত্তর-পূর্ব দিক থেকে মৌসুমি বায়ুর প্রবাহ শুরু হওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। ঢাকায় দেখা দিতে পারে ঘন কুয়াশা। তবে বর্তমানে যে শীত অনুভূত হচ্ছে, তা খুব স্বাভাবিক।আবহাওয়াবিদ বজলুর রশীদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ওপর থেকে পশ্চিমা লঘুচাপ কেটে গেছে। ফলে শুষ্ক জলীয় বাষ্প নিচে নেমে জলীয় বাষ্পে পরিণত হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ-বলয় বিস্তার লাভ করায় ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং অন্যত্র দু-তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদদের হিসাবে, কোনো একটি এলাকার তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা তীব্র শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হবে।