রাজধানীতে হরতালে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের সমর্থনে সূত্রাপুর থানা ছাত্রদলের মিছিল। ছবি: মনিরুল আলম
হরতালের সমর্থনে সূত্রাপুর থানা ছাত্রদলের মিছিল। ছবি: মনিরুল আলম

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দিনের হরতাল শুরু হয়েছে। আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া ককটেলেরও বিস্ফোরণ ঘটেছে।
হেফাজতে ইসলাম ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা হরতাল চলবে। পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আবার হরতাল শুরু হবে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
হরতালের শুরুতে সকাল থেকে রাজধানীতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস চলছে। অফিসগামী কর্মজীবী মানুষের ভিড়ও আছে রাজপথের মোড়ে মোড়ে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসগুলো ভোরে এসে পৌঁছেছে। কিন্তু কোনো বাস ঢাকা ছাড়েনি। ব্যক্তিগত যানবাহন খুব একটা চলছে না। অন্যান্য হরতালের মতো আজ সকাল থেকে রাজপথে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
 

মিরপুর: সকাল সাতটার দিকে চিড়িয়াখানা রোডে ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলকারীরা এ সময় বিসিআইসি কলেজের উল্টো দিকে স্টাফ কোয়ার্টারের সামনে একটি লেগুনায় আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে যাওয়ার আগেই স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে।

আগারগাঁও: রাজধানীর আগারগাঁওয়ে আজ সকালে হরতাল-সমর্থকেরা একটি বাস ভাঙচুর করেছেন বলে খবর পাওয়া গেছে।

তেজগাঁও: তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে ভোর সাড়ে পাঁচটায় হরতাল-সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নয়াপল্টন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কার্যালয়ের ভেতরে কয়েকজন নেতা অবস্থান করছেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।