রাজধানীতে হরতালে ককটেল, গুলি ও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আজ বুধবারের হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

সকালে রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও গ্রিন রোডে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়। হরতাল-সমর্থকদের ছত্রভঙ্গ করতে এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

ভোর ছয়টার দিকে তেজগাঁওয়ে বিজি প্রেসের সামনে ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিল থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সকালে ‘সমকাল’ পত্রিকার কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা আরেকটি মিছিল বের করার চেষ্টা চালান। ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।

আজিমপুরে সকালে হরতালের সমর্থনে মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

সকাল সাতটার দিকে মিরপুর চিড়িয়াখানা রোড এলাকায় মিছিল করে ছাত্রদল। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 

সকাল আটটার দিকে নয়াপল্টন এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

সকাল আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা লক্ষ্মীবাজার এলাকায় মিছিল ও পিকেটিং করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান।

সকালে শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে থেকে পাঁচটি ককটেলসহ স্বপন আহমেদ (২২) নামের একজনকে আটক করে পুলিশ। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সকালে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পুলিশ তল্লাশি চালায়। নয়টার দিকে একটি রিকশায় তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেলসহ স্বপনকে আটক করা হয়। স্বপন রিকশায় আরামবাগের দিকে যাচ্ছিলেন। তিনি মতিঝিলের এজিবি কলোনিতে থাকেন।

সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক কার্যালয়ের সামনের সড়ক থেকে কে বা কারা দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। প্রধান ফটকের ভেতরে বিস্ফোরিত হয় ককটেল দুটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি।

হরতালের সমর্থনে আজ সকালে রাজধানীর শ্যামপুর, যাত্রাবাড়ী, জুরাইন, শাহজাহানপুর, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়ার ঘটনাও ঘটে। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলও করেছে হরতাল-সমর্থকেরা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে দলের নেতা-কর্মীদের উপস্থিতি নেই বললেই চলে।

হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। প্রধান প্রধান সড়কে পুলিশ ও র্যাবের সদস্যরা সশস্ত্র অবস্থায় মোতায়েন রয়েছেন।

প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা, সিএনজিচালিত অটোরিকশা। কিছু ব্যক্তিগত গাড়িসহ বিআরটিসির বাস ও গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়ছে।

ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।