রাজধানীতে হরতালে ককটেল, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেলের বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মতো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে আজ রোববার সারা দেশে চলছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল।
ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
হরতালে আজ সকালে রাজধানীর কলেজগেট ও আদাবর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে সকালে চারটি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে তেজগাঁও থানার পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।
সকালে বিমানবন্দর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন হরতালকারীরা। এ ছাড়া মিরপুরসহ কয়েকটি এলাকায় যানবাহন ভাঙচুরের চেষ্টা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন হরতাল-সমর্থকেরা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের উপস্থিতি নেই বললেই চলে।

অন্যান্য হরতালের মতো আজ রাজধানীতে তেমন কোনো সহিংস পিকেটিং দেখা যায়নি। সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীতে বড় ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

প্রধান প্রধান সড়কে পুলিশ ও র‌্যাবের সদস্যরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন।

প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা, সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া কিছু প্রাইভেট কারসহ বিআরটিসির বাস ও গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়ছে।

ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

তবে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া সেখানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে।

নির্দলীয় সরকার নিয়ে আলোচনায় বসতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার ২০ দিন পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল দিল বিএনপির নেতৃত্বাধীন এই জোট। ৪ মে ঢাকায় সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় বেঁধে দিয়েছিলেন।

এর আগে গত মার্চ ও এপ্রিলে যথাক্রমে নয় দিন ও পাঁচ দিন হরতাল ডাকে এই জোট। ২৩ এপ্রিলের পর আর কোনো হরতাল দেয়নি তারা। অবশ্য ২৪ এপ্রিল হরতাল ডেকেছিল, পরে সাভারের রানা প্লাজা ধসের কারণে তা প্রত্যাহার করা হয়। এরপর ২ মে হরতাল ডেকে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে তা আবার প্রত্যাহার করে নেয়। আজকের কর্মসূচির মাধ্যমে আবার হরতালের রাজনীতিতে ফিরে এল বিরোধী জোট।