রাজধানীতে হরতালে ককটেল, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে রাস্তায় পড়ে আছে একটি ককটেল। ছবি: মনিরুল আলম
রাজধানীর সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে রাস্তায় পড়ে আছে একটি ককটেল। ছবি: মনিরুল আলম

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা চার দিনের হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার সকালে রাজধানীতে কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া হরতালের সমর্থনে ঝটিকা মিছিল হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হরতালে নাশকতার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ।এর মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
ভোর সাড়ে ছয়টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বাংলা স্কুলের ঢালে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটিতে বাধা দেয় পুলিশ। মিছিল থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছত্রভঙ্গ করতে ছয়টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সকাল সাতটা ৫০ মিনিটের দিকে মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় আল হেলাল হাসপাতালের সামনে শিবিরের কর্মীরা মিছিল বের করেন। সেখানে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
সকাল সাতটা ৫৫ মিনিটে মিরপুর ১ নম্বর সেকশনে বশির উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় শিবির মিছিল বের করে। সেখানে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

তিন নেতার মাজারের সামনে থেকে ১৮টি ককটেল ভর্তি একটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ছবি: মনিরুল আলম
তিন নেতার মাজারের সামনে থেকে ১৮টি ককটেল ভর্তি একটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ছবি: মনিরুল আলম
হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির মিছিল বের করে। ছবি: মনিরুল আলম
হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির মিছিল বের করে। ছবি: মনিরুল আলম

মিরপুর ১ নম্বর ঈদগাহ চৌরাস্তা মোড়ের বিপরীতে বেলা পৌনে একটার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সকাল সাতটার দিকে তেজগাঁও উড়ালসড়কের কাছে ফকিরনীবাজার এলাকায় যুবদল মিছিল করার চেষ্টা করে। তেজগাঁওয়ের তিব্বত মোড়ে ভোর সাড়ে ছয়টার দিকে শ্রমিক দল মিছিল বের করে।
সকাল ১০টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির একটি মিছিল বের করে। মিছিলটি শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান শামীম দাবি করেন, এ সংঘর্ষে তাঁদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কাছে তিন নেতার মাজারের সামনে থেকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে এক প্যাকেট ককটেল উদ্ধার করেছে পুলিশ। প্যাকেটটির মধ্যে ১৮টি ককটেল ছিল।
হরতালের দ্বিতীয় দিন মহাখালী, গাবতলীসহ রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বড় বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। কাঁচাবাজারে বিভিন্ন জিনিসের দাম  বেড়েছে।