রাজধানীতে হাঁটাই প্রধান ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের ৪০ শতাংশের বেশি পরিবারের সদস্য কোনো যানবাহন ব্যবহারের সুবিধা পান না। বাস, রিকশা বা অটোরিকশার পরিবর্তে হেঁটেই নিয়মিত এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করেন তাঁরা। অফিস, স্কুল-কলেজ, বাজার—সব জায়গায় যাতায়াতের জন্য পা-ই তাঁদের একমাত্র ভরসা।

বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘রাজনীতি, সুশাসন এবং মধ্যম আয়ের আকাঙ্ক্ষা: বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ’ গবেষণা প্রতিবেদনে এ চিত্র মিলেছে। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তিন বছর আগে, অর্থাৎ ২০১২ সালে ঢাকার মাত্র ১১ দশমিক ৪ শতাংশ পরিবারের সদস্য হেঁটে যাতায়াত করতেন। ২০১৫ সালে এসে তা দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬ শতাংশে। গণপরিবহন-ব্যবস্থার অপ্রতুলতার কারণে রাজধানীর নাগরিকেরা হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে রাজধানীতে যে গণপরিবহন-ব্যবস্থা রয়েছে, তা জনবান্ধব নয়। রাজধানীতে গণপরিবহন-ব্যবস্থা অত্যন্ত সংকটময়। শুধু ধনী ব্যক্তিদের জন্য পরিবহন-ব্যবস্থায় অবকাঠামো ও সেবা তৈরি করা হয়েছে। গরিবের জন্য উন্নত গণপরিবহন-ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে না। গণপরিবহনের সংকটের কারণে নাগরিকেরা বাধ্য হয়েই হেঁটে চলাচল করেন।
পিপিআরসির প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, এই তিন বছরের ব্যবধানে বাস কিংবা রিকশায় যাতায়াতের প্রবণতা ব্যাপক হারে কমে গেছে। ২০১২ সালে যেখানে ৩৯ দশমিক ৯ শতাংশ পরিবার বাসে যাতায়াত করত, এখন তা নেমে এসেছে ২৬ দশমিক ৪ শতাংশে। আবার ২০১২ সালে ৪১ দশমিক ১ শতাংশ পরিবার রিকশায় যাতায়াত করত, ২০১৫ সালে এসে তা কমে দাঁড়িয়েছে সাড়ে ১৬ শতাংশে। বিকল্প ও সহজ গণপরিবহন-ব্যবস্থা না থাকায় এ শহরের মানুষকে বাধ্য হয়ে হেঁটে চলতে হচ্ছে। আবার গণপরিবহনের সংকটের কারণে সহজে যাতায়াতের জন্য সামর্থ্যবান ব্যক্তিরা প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল কিনছেন। তিন বছরে এ দুটি বাহনে চলাচলের হার বেড়েছে। রাজধানীর সাড়ে ৪ শতাংশ পরিবার এখন প্রাইভেট কারে চলাচল করে, আগে এ হার ছিল ১ দশমিক ৯ শতাংশ। গণপরিবহনের সংকটের কারণে দৈনন্দিন যাতায়াতের জন্য রাজধানীর মধ্যবিত্ত পরিবারগুলো প্রাইভেট কার কেনার দিকে ঝুঁকছে। অন্যদিকে মোটরসাইকেল রয়েছে ১ দশমিক ৯ শতাংশ পরিবারের। আবার অটোরিকশায় চলাচলের প্রবণতা দ্বিগুণ হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর একটি পরিবারকে যাতায়াতের জন্য প্রতি মাসে গড়ে ২ হাজার ৪৩৮ টাকা খরচ করতে হয়, যা ওই পরিবারের মোট ব্যয়ের ৪ দশমিক ৪ শতাংশ।
পিপিআরসি বলছে, উন্নত জীবনধারার জন্য মানুষের চলাচল সহজ করতে হবে। দেশের সড়কব্যবস্থা নিয়ে মাত্র ৩২ শতাংশ মানুষ সন্তুষ্ট বলে মনে করে পিপিআরসি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সারা দেশের ১ হাজার ৫০০ পরিবারের ওপর জরিপ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঢাকা শহরের পাশাপাশি ১৭টি পৌরসভা ও ৩৩টি গ্রাম থেকে এসব পরিবার বাছাই করা হয়েছে।