রাজধানীতে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. হেলাল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকার আল মদিনা হোটেলের ছয়তলার একটি কক্ষ থেকে হেলালের লাশ উদ্ধার করে বনানী থানার পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলো ডটকমকে জানান, হোটেলের রেজিস্ট্রার বইয়ের তথ্যানুযায়ী গতকাল রোববার বেলা তিনটার দিকে ব্যবসায়ী পরিচয় দিয়ে হেলাল ছয়তলার ৪৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আজ সকালে মহাখালী এলাকার রাস্তার ওপর কক্ষটির চাবি পান এক পথচারী। তিনি পার্শ্ববর্তী বনানী পুলিশ বক্সে চাবিটি জমা দেন। পরে হোটেল কর্তৃপক্ষের সাহায্যে কক্ষটির তালা খুলে হাত-পা বাঁধা অবস্থায় হেলালের লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য আজ বেলা সোয়া তিনটার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।