রাজধানীতে হয়ে গেল ইন্টারনেটের বিদ্বেষ ও গুজবের বিরুদ্ধে পিস সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেনিউর ল্যাব ট্রাস্ট এবং ইএমকে সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘পিস সামিট ৫’ কার্যক্রম। ছবি: সংগৃহীত
প্রেনিউর ল্যাব ট্রাস্ট এবং ইএমকে সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘পিস সামিট ৫’ কার্যক্রম। ছবি: সংগৃহীত

১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতার দিবসকে কেন্দ্র করে প্রেনিউর ল্যাব ট্রাস্ট এবং ইএমকে সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘পিস সামিট ৫’ কার্যক্রম। রাজধানীতে প্রেনিউর ল্যাব ট্রাস্টে এ সামিট অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পিস সামিট একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এর লক্ষ্য বাংলাদেশের সমস্যা এবং অভিযোগ নিয়ে আলোচনার জন্য দেশের উন্নয়ন পেশাদার, নীতিনির্ধারক, গবেষক, আইন প্রয়োগকারী সংস্থা এবং তরুণদের একসঙ্গে কাজ করার প্ল্যাটফর্ম করে দেওয়া।

‘পিস সামিট ৫’–এ বক্তব্য দেন আমেরিকায় নিযুক্ত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত এম হুমায়ন কবির, ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ, ইউএসএআইডির অবিরোধ প্রজেক্ট রিসার্চ ডিরেক্টর ডা. কারনা কোহেন, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অব এটুআই, আইসিটি ডিভিশন মানিক মাহমুদ এবং ইউএন উইম্যান বাংলাদেশের সৈয়দা সামারা মুরতাদা।

বক্তারা বলেন, একজন মানুষ দৈনিক প্রায় সাড়ে তিন ঘণ্টা মোবাইল ফোনে সময় কাটায়। দেশের ৮ কোটির বেশির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কোনো ধরনের ডিজিটাল লিটারেসি ছাড়াই সংযুক্ত হয়ে গেছে ইন্টারনেটের মহাসমুদ্রে। সাইবার স্পেস বিভিন্ন চক্রান্ত ও প্রোপাগান্ডা ছড়ানোর এখন প্রধান চ্যানেল হয়ে গিয়েছে। স্কুলশিক্ষার্থী ও তরুণেরা আছে মূল ঝুঁকিতে। নেতিবাচক কনটেন্ট মানসিক স্বাস্থ্যে ব্যাপকভাবে ক্ষতি করছে।

এরপর ‘ফেক নিউজ প্রোপাগান্ডা অ্যান্ড আইডেনটিফিকেসন’ সেশনে পরিচালনা করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা আয়েশা মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমের শিষ্টাচারের ওপর বক্তব্য দেন ইউএনডিপির প্রকল্প কর্মকর্তা সিদ্ধার্থ গোস্বামী।

‘বিউটি ইন ডাইভার্সিটি’ সেশনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক প্রিয়াঙ্কা বোস, লিপিং বাউন্ডারির প্রতিষ্ঠাতা শাগুফে হোসাইন, অহর্নিশ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান আল বান্নাহ প্রমুখ। সমাপনী অধিবেশনে বক্তব্য দেন প্রেনিউর ল্যাবের প্রতিষ্ঠাতা আরিফ নিজামী। কনটেন্ট তৈরি নিয়ে সেশন নেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইয়ুম, আলোকচিত্রী প্রীত রেজা, নগদের মার্কেটিং হেড মন্সুরুল আজিজ।

পিস সামিটের শেষ পর্বে ১৯৫টি মোবাইল মুভি ও ফটোর মধ্যে বেছে নেওয়া হয় ‘মোবাইল ফিল্ম ও ফটোগ্রাফি চ্যালেঞ্জ’–এর সেরা ৩টি কনটেন্ট। শীর্ষ ৩ বিজয়ী মোট ৩০ হাজার টাকা মূল্যের নগদ পুরস্কার পান। তরুণ অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় সহনশীলতা, বৈচিত্র্য ও শান্তির বিষয়বস্তুতে ছবি বা মোবাইল ভিডিও তৈরি করে এতে অংশ নেয়। এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা, বৈচিত্র্য ও শান্তির বিষয়গুলো জাগিয়ে তোলা।

আগের পিস সামিটগুলোয় আলোচ্য বিষয়গুলো ছিল সহিংস উগ্রবাদ এবং রোহিঙ্গা শরণার্থী সংকট প্রতিরোধ ও প্রতিরোধ, কীভাবে দেশের সহিংসতা রোধ করা যায় এবং সে সম্পর্কে সচেতনতা বাড়ানো, ২০১৮ সালের নির্বাচনে প্রভাব এবং এর মধ্যে মিডিয়া কী ভূমিকা পালন করে। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেশ-বিদেশের বিশেষ কিছু সম্মানিত ব্যক্তি। আলোচকদের মধ্যে ইউএন উইমেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কনসালট্যান্ট ইরাইন এইচ গায়ত্রী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, দক্ষিণ–পূর্ব এশিয়ার গবেষণা ও প্রকাশনা পরিচালক টমাস কোরথ স্যামুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।