রাজধানীতে ১০ টন পলিথিনসহ চারজন আটক
কারখানার অনুমোদন না নিয়ে পুরান ঢাকায় চলছে পলিথিন উত্পাদন। আজ বুধবার সকালে রাজধানীর চকবাজারের আলীঘাট এলাকায় পলিথিন তৈরির এ রকম দুটি কারখানায় অভিযান চালিয়ে ১০ টন পলিথিনসহ চারজনকে আটক ও পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। শামীম প্লাস্টিক ও কুদ্দুস প্লাস্টিক নামের কারখানা দুটি থেকে আটক এই পলিথিনের দাম প্রায় চার লাখ টাকা।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানা দুটির চারজন কর্মচারীকে আটক করা হলেও উভয় কারখানার মালিকেরা পালিয়ে গেছেন।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশেই পলিথিনের অবৈধ উত্পাদন চলছে। দুই শতাধিক কারখানায় এসব উত্পাদন কার্যক্রম চলছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর প্রথম আলো ডটকমকে জানান, নিষিদ্ধ হলেও প্রতিবছর এসব কারখানায় লাখ লাখ টন পলিথিনের উত্পাদন হচ্ছে।