রাজধানীতে ১৩ জামায়াত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন, মতিঝিল ও রমনা থানা এলাকা থেকে গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের সাবেক আমির গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় দুপুরে মিছিল করার চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জামায়াতের কর্মীরা দুপুরে মিছিল বের করার চেষ্টা করলে বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করে পুলিশ। পরিচয় যাচাই করে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। গত ১৮ ডিসেম্বরে রমনা থানায় দায়ের হওয়া পুলিশের ওপর হামলার মামলায় আটক সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, মতিঝিল এলাকা থেকে দুজনকে আটক করা হয়। রাতে থানার এক কর্মকর্তা বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁদের আসামি করে মামলা করেছেন। আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।পল্টন থানার শান্তিনগর ও কালভার্ট রোড এলাকা থেকে চারজনকে আটক করা হয়। পল্টন থানার ওসি শহীদুল হক বলেন, থানার এক কর্মকর্তা বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।