রাজধানীতে ১৭০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক হাজার ৭০০ ইয়াবা বড়িসহ গতকাল সোমবার দুপুরে এক নারীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁর নাম গুলে নূর (৪৫)। তিনি চট্টগ্রাম থেকে বড়িগুলো এনেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার সামনে থেকে গুলে নূরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় গুলে নূরের নিজের বাড়ি রয়েছে।উপপরিচালক বলেন, গতকাল সকালে ইয়াবাসহ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য সৌদিয়া পরিবহনের একটি বাসে ওঠেন গুলে নূর। এরপর তিনি কুমিল্লায় নেমে যান। পরে কুমিল্লা থেকে প্রিন্স পরিবহনের একটি বাসে ওঠেন। সেই বাসটি যাত্রাবাড়ী এলে ওত পেতে থাকা কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক ওসমান কবীর বাদী হয়ে একটি মামলা করেছেন।কর্মকর্তারা জানান, রাজধানীর একজন তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ী গুলে নূর। ২০০৯ সালের ২৬ জুলাই সূত্রাপুর থেকে দুই কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে জানা যায়, এগুলোর মালিক গুলে নূর। এ বিষয়ে সূত্রাপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।