রাজধানীতে ১৮ দলের সমাবেশ আজ
আজ সোমবার বিকেলে রাজধানীতে শোভাযাত্রা ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেবেন।
‘প্রহসনের’ নির্বাচন বর্জন করায় দেশবাসীকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে গত বুধবার সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই কর্মসূচি দেশের প্রতিটি মহানগর ও জেলা-উপজেলায় পালনেরও কথা আছে।
গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮-দলীয় জোটকে শর্ত সাপেক্ষে এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
দলটির একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, পাঁচ দিন আগে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল, কিন্তু অনুমতি দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায়। এতে ভালোভাবে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ অনুমতির কথা জানার আগ পর্যন্ত সমাবেশ করা যাবে কি যাবে না, তা নিয়ে নেতা-কর্মীরা বিভ্রান্তিতে থাকেন।
প্রায় তিন মাস পর আজ সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া। এর আগে সর্বশেষ গত বছরের ২৫ অক্টোবর তিনি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ভাষণ দিয়েছিলেন। এরপর কয়েকটি সংবাদ সম্মেলন করলেও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কোনো কর্মসূচিতে অংশ নেননি তিনি।
বিএনপির গুলশান কার্যালয় থেকে জানানো হয়েছে, দীর্ঘ বিরতির পর এই সমাবেশকে গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি। ৫ জানুয়ারির নির্বাচন, নতুন সরকার গঠনসহ পরিবর্তিত পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের মনোবল চাঙা করতে আজকের সমাবেশে বড় ধরনের জমায়েত করতে চায় বিএনপি।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, বড় সমাবেশ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, পুলিশ অনুমতির কথা আরও আগে জানালে তাঁদের প্রস্তুতিটা আরও নির্বিঘ্ন হতো।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, এ সমাবেশ থেকে কোনো কর্মসূচি ঘোষণার সম্ভাবনা নেই। আজকের সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও ১৮-দলীয় জোটের নেতারা বক্তব্য দেবেন।
আজকের সমাবেশের পর ২৯ জানুয়ারি আবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে ১৮-দলীয় জোট। ২৯ তারিখের সমাবেশেও খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।