রাজধানীতে ৩ নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে তিনজন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
রাজধানীর শাহ আলী থানার পুলিশ গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চিড়িয়াখানার লেক থেকে এক অজ্ঞাতনামা নারীর (৩০) লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারকারী কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মাদকাসক্ত ছিলেন। গতকাল চিড়িয়াখানা রোডের এইচ ব্লকের ১৮ নম্বর সড়ক হয়ে তিনি ওই লেকের দিকে যান। লেকের আশপাশে সীমানা দেয়াল নেই। ধারণা করা হচ্ছে, ওই নারী লেকে পড়ে গিয়ে মারা গেছেন।
এদিকে গত শুক্রবার রাত ১০টার দিকে পশ্চিম কাফরুলের তালতলার এক বাসা থেকে মৌসুমী হালদার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। থানার এসআই নয়ন মিয়া জানান, পারিবারিক কলহের জেরে মৌসুমী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটে।
আদাবর থানার এসআই মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত দুইটার দিকে আদাবরের এক বাসা থেকে মিসেস মুক্তা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মুক্তার গ্রামের বাড়ি মাদারীপুর সদরে।