রাজধানীতে ৩০ হাজার ইয়াবা ও দুই কেজি হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রীসহ ছয়জনকে আটক করা হয়েছে।

এদিকে উত্তরা থেকে দুই কেজি হেরোইন, জাল মুদ্রা, একটি গাড়িসহ নাইজেরিয়ার এক নাগরিকসহ চারজনকে আটক করেছে র‌্যাব। তাঁরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে কাপড় পাঠানোর নামে হেরোইন পাচার করতেন বলে র‌্যাব জানায়।

ডিবির অভিযান: গতকাল শুক্রবার মিন্টো রোডে ডিবির সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নাজিমুদ্দিন রোড, রামপুরার বনশ্রী ও কমলাপুরে ডিবি অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তার করে। চকবাজার থানার নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের সামনে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বড়ি বেচাকেনা করবে—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে প্রথমে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে নয় হাজার ইয়াবা বড়িসহ মো. আসিফ ও জানে আলমকে আটক করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, আসিফ ও জানে আলমের তথ্যের ভিত্তিতে ডিবির ওই দলটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামপুরার বনশ্রী থেকে চার হাজার ইয়াবা বড়িসহ মোছাম্মৎ কুলসুম নামের একজনকে আটক করে। তাঁদের তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে কমলাপুর থেকে ১৭ হাজার ইয়াবা বড়িসহ ম্যানিলা চৌধুরী, মো. খালেদ ও আবু তাহেরকে আটক করা হয়। ম্যানিলা তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এই ব্রিফিংয়ে বক্তব্য দেন ডিবির যুগ্ম কমিশানার মনিরুল ইসলাম। তিনি বলেন, আবদুস শুক্কুর ওরফে শাকুর মাহমুদ শাকু নামের একজনের সহযোগী হিসেবে কাজ করতেন ম্যানিলা, তাহের ও জানে আলম। এ তিনজনের সহযোগী হলেন কুলসুম, খালেদ ও আসিফ। শাকু মিয়ানমার থেকে ইয়াবা বড়ি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে এনে সারা দেশে সরবরাহ করেন। পলাতক এই শাকুর নেতৃত্বেই ২০০৭ সালে শুক্রাবাদে ব্র্যাক ব্যাংকে ডাকাতি হয়েছিল।

মনিরুল বলেন, ম্যানিলা এলাকায় ‘ইয়াবা সম্রাজ্ঞী’ নামে পরিচিত। আগেও ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ১০ মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে তিনি আবার একই ব্যবসা শুরু করেন। তিনি বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিঝিল ও রামপুরা থানায় মামলা করা হয়েছে।

র‌্যাবের অভিযান: র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি গাড়িসহ নাইজেরিয়ার নাগরিক অনিকা গডসন বামালো (৩৫), তাঁর গাড়িচালক আবুল কাশেম (৫২), পায়েল বেগম (২৮) ও নীলিমা লাবণ্যকে (২৮) আটক করে র‌্যাব। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরায় একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত রাখা কাপড় থাকা একটি কার্টন জব্দ করা হয়। কার্টনে কাপড়ের ভেতর একটি মোড়কে দুই কেজি হেরোইন ছিল। পরে উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ১৪৪টি বিয়ারের ক্যান, দুই বোতল বিদেশি মদ, তিন হাজার ১০০ জাল ইউএস ডলার ও চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।