রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সিরাজুল ইসলাম (২০), ফরিদ মাঝি (৪০), বাদশা মিয়া (৩৫) ও আহমদ আলী (৩৫)।
রাজধানীর ২১৬/৪/১ নম্বর পূর্ব ভাষানটেকের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বাড়ির নিরাপত্তাকর্মী সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। প্রতিবেশী রোকনুজ্জামান তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাতটার দিকে সিরাজুলকে মৃত ঘোষণা করা হয়। রোকনুজ্জামান বলেন, বিদ্যুতের বাতি বদলানোর সময় তিনি আহত হন।
তেজগাঁও এলাকার সাবেক র্যাং গ্স ভবনের পাশে একটি বাড়িতে ইট পড়ে আহত হন ফরিদ মাঝি। তিনি ওই বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। ফরিদের ভাই হিরণ বলেন, দুপুরের খাবার খেয়ে দোতলা ভবনের নিচতলায় বিশ্রাম নিচ্ছিলেন ফরিদ। এ সময় ওপর থেকে একটি ইট তাঁর মাথায় পড়ে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বেলা আড়াইটার দিকে ফরিদ মারা যান।
বনানীর কড়াইল বেলতলী বস্তির একটি ঘর থেকে বাদশা মিয়া (৩৫) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। পুলিশের দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাবার নাম নূর আলম মিস্ত্রি।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু মুন্নাফ প্রথম আলোকে বলেন, বস্তির একটি ঘরে একাই থাকতেন বাদশা। সকালে কাজে বের হওয়ার কথা থাকলেও তিনি বের হননি। প্রতিবেশীরা ডাকাডাকি করলেও ঘরের দরজা খোলেননি তিনি। পরে দরজা খুলে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
এসআই মুন্নাফ বলেন, বাদশার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, হৃদ্রোগের কারণে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল ভোরে মিরপুর ১১ নম্বর সেকশনের হানিফ সিল্ক নামে একটি দোকানের সামনে ট্রাক উল্টে আহমদ আলী আহত হন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আহমদ আলী ওই ট্রাকের পাশে ছিলেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পর ভোর চারটার দিকে তিনি মারা যান।