রাজধানীতে ৪০৯টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দুই সিটি করপোরেশনের উদ্যোগে ৪০৯টি স্থানে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 

দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ২২৯টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৮০টি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকাল আটটায় দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল আটটায় ও পরেরটি নয়টায়। এ ছাড়া সকাল আটটায় সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটক-সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদে ঈদুল আজহার জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।