রাজধানীতে ৪৩টি হাতবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বিজলি মহল্লার সরকারি কলোনির পেছনে একটি পরিত্যক্ত জায়গা থেকে ৪৩টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক রায়হান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। বিজলি মহল্লার ওই পরিত্যক্ত স্থানে বস্তার মধ্যে হাতবোমাগুলো পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আজাদ। তিনি বলেন, গত মাসের ২০ ও ২১ তারিখ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি বোমা উদ্ধার করা হয়েছিল। আজকের উদ্ধার হওয়া বোমাগুলোর সঙ্গে ওই বোমাগুলোর সাদৃশ্য রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বোমাগুলোর ধ্বংস ক্ষমতা মারাত্মক। এগুলো বিস্ফোরিত হলে প্রাণহানির আশঙ্কা থাকে। কাচ, সালফার, পটাশিয়াম, পাথরের টুকরো ইত্যাদি মিশিয়ে এই বোমাগুলো তৈরি করা হয়েছে।
এই ব্রিফিংয়ের কিছুক্ষণ আগে মোহাম্মদপুরের রিংরোডে ছয়টি বোমা বিস্ফোরণ হয়েছে। র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আজাদ বলেন, উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরিত বোমাগুলোর ধরণ একই। তিনি জানান, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। অভিযান চলবে।