রাজধানীতে ৬১০ ইয়াবা বড়িসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর নয়াপল্টনের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে র্যাব ৬১০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান ওরফে সুমন (২৫) ও আসিফুজ্জামান ওরফে আসিফ (২৩)।র্যাব সূত্র জানায়, র্যাব-৩-এর একটি দল ৪৯ নয়াপল্টনের নিচতলায় রোগ নির্ণয়কেন্দ্র মেডিকাস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে অভিযান চালায়। এ সময় র্যাবের সদস্যরা ৬১০টি ইয়াবা বড়িসহ মিজানুর ও আসিফুজ্জামানকে গ্রেপ্তার করে। মিজানুর রোগ নির্ণয়কেন্দ্রের মালিক ও আসিফুজ্জামান তাঁর কর্মচারী।র্যাব-৩-এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাররার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মিজান ফকিরাপুল এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। রোগ নির্ণয়কেন্দ্রের আড়ালে তিনি ইয়াবা বড়ির ব্যবসা করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা বড়ির চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করেন।মিজান র্যাবকে জানান, দুই বছর ধরে তিনি ইয়াবা বড়ির ব্যবসার সঙ্গে জড়িত। সপ্তাহে ৪০-৪৫ লাখ ইয়াবা বড়ি ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করেন তিনি। এই বড়ির ব্যবসা করে তিনি এখন কোটি টাকার মালিক।র্যাবের কর্মকর্তা জানান, মিজানকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবা বড়ির ব্যবসায় জড়িত অনেকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তাঁরা।মিজান উত্তর শাহজাহানপুরের ৪১২, আমতলা মসজিদ গলিতে থাকেন। আসিফুজ্জামান থাকেন মগবাজারের গাবতলায়।