রাজধানীতে ৮০ লাখ ভারতীয় রুপিসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৮০ লাখ ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম আলাউদ্দিন (৩০)। আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর বিমানবন্দর থানা এলাকার কসাইবাড়ি মোড় থেকে তাঁকে আটক করা হয়। আলাউদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে জানান, বেলা একটার দিকে কসাইবাড়ি মোড় দিয়ে যাওয়ার সময় আলাউদ্দিনের গতিবিধি পুলিশের সন্দেহ হয়। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ৮০ লাখ ভারতীয় রুপি উদ্ধার পাওয়া যায়।
শাহ আলম আরও বলেন, এ ঘটনায় মামলা করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আলাউদ্দিনকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
এর আগে গতকাল শনিবার বিমানবন্দরের ভেতর থেকে ৫০ লাখ রুপিসহ মোহাম্মদ ইদ্রিস নামের এক যুবককে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। ইদ্রিস পাকিস্তানের করাচি থেকে রুপিগুলো ঢাকায় নিয়ে আসেন।