রাজধানীতে 'টানা পার্টি'র আট সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিবির হাতে গ্রেপ্তার ‘টানা পার্টি’র আট সদস্য। ছবি: প্রথম আলো
ডিবির হাতে গ্রেপ্তার ‘টানা পার্টি’র আট সদস্য। ছবি: প্রথম আলো

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ‘টানা পার্টি’র আট সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন বা জমা দেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে কৌশলে টাকা চুরি করে আসছিলেন বলে আজ সোমবার ডিবির পক্ষ থেকে দাবি করা হয়।
আজ মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেসব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল ডিবি (পশ্চিম) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ব্যাংকে টাকা উত্তোলন ও জমা দেওয়ার জন্য আগত লোকদের কাছ থেকে কৌশলে টাকা চুরি চক্রের (টানা পার্টির) আটজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হারুন অর রশিদ, মো. বাদল, মো. এমদাদুল হক ওরফে চঞ্চল, রাজু ওরফে মোস্তফা, মো. লিটন, মো. হারুন, মো. ইউনুছ ওরফে সাগর শেখ ও মো. হান্নান। তাঁদের কাছ থেকে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম আরও জানান, গত ২৬ আগস্ট হামিদুর রহমান নামের এক ব্যক্তি দুটি ব্যাগে ২০ লাখ টাকা পে-অর্ডার করার জন্য মোহাম্মদপুর থানার মিরপুর রোডের সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখায় যান। ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়ার কাউন্টারে দাঁড়িয়ে পে-অর্ডারের ফরম পূরণ করার সময় তাঁর কাছ থেকে নয় লাখ টাকাসহ একটি ব্যাগ হারিয়ে যায়। পরে ব্যাংকের সিসি টিভি ক্যামেরায় রক্ষিত ভিডিও ফুটেজের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের শনাক্ত করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি মনিরুলের।