রাজধানীতে 'বন্দুকযদ্ধে' যুবক নিহত, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে গতকাল শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আটক করা হয়েছে তিনজনকে।
র‌্যাবের দাবি, নিহত শফিকুল ও আটক তিনজন ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল নিহত হন। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি, একটি প্রাইভেট কার এবং ছিনতাই করা ২৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।
অবশ্য নিহত শফিকুলের পরিবার দাবি করেছে, শফিকুল ছিনতাইকারী ছিলেন না।
র‌্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরের দিকে র‌্যাব-৩-এর মগবাজার ক্যাম্পের সামনে এক দম্পতির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছিল প্রাইভেট কারে থাকা কয়েকজন। একপর্যায়ে র‌্যাব ক্যাম্পের ফটকে দায়িত্বরত র‌্যাবের সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও গুলি করেন। এতে ছিনতাইকারীদের একজন শফিকুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ অন্যরা প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ওই গাড়ি ধাক্কা খায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে ছিনতাইকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। ইতিমধ্যে তাদের ধরার জন্য র‌্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকে। পরে স্কয়ার হাসপাতালে শফিকুলের লাশ পাওয়া যায় এবং তিন ছিনতাইকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবদুল কাদির (৩০), রাজীব (২২) ও হাজি মামুন (৪৩)।
শফিকুলের লাশের সুরতহাল প্রস্তুতকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গাড়ির ধাক্কা লাগার পর ছিনতাইকারীরা গুলিবিদ্ধ শফিকুলকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ওই হাসপাতালে গিয়ে র‌্যাবকে খবর দেয়। আটক তিনজনকে রমনা থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে শফিকুলের স্ত্রী পাপিয়া ইসলাম বলেন, তাঁর স্বামী ছিনতাইকারী ছিলেন না, পোস্তগোলা সেতু মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। দুই সন্তানসহ তাঁরা নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শেরপুরে থাকেন। শফিকুল প্রতিদিন সকাল আটটার দিকে বের হয়ে রাত ১০টায় বাসায় ফিরতেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ফেরেননি।