
নগরবাসীকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাহারি স্বাদের খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে অ্যারাবিয়ান ফুড ফেস্ট।
গুলশানের ওয়েস্টিন হোটেলে আজ শুক্রবার থেকে এই উৎসব চলবে ৩০ আগস্ট পর্যন্ত।
ওয়েস্টিন কর্তৃপক্ষের আয়োজনে উৎসবের সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এমিরেটস এবং পেপসি।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিরিয়া থেকে আসা উৎসবের প্রধান শেফ রিমন ইমাদ ওবাইদ উপসাগরীয় অঞ্চলের খাবারের বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের খাবারের বৈশিষ্ট্য নির্ধারিত হয় রান্নায় বিশেষ পদ্ধতি ও কম মসলার ব্যবহারে। জলপাই তেল এসব রান্নার অন্যতম অনুষঙ্গ। সর্বোপরি খাবারগুলো একই সঙ্গে মুখরোচক ও স্বাস্থ্যকর।
সংবাদ সম্মেলনে বলা হয়, উৎসবে সিরিয়া, লেবানন, জর্ডান, কুয়েত, মরক্কো, সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের জনপ্রিয় খাবারগুলো পরিবেশন করা হবে। এগুলোর মধ্যে রয়েছে মরক্কোর বিখ্যাত ল্যাম্ব মিলবলস, লেবাননের ল্যাম্ব ফ্ল্যাট ব্রেড, সুমাক চিকেন ইত্যাদি। এ ছাড়া রয়েছে বাকলাভা, ফ্রেশ রোজ পিটেল আইসক্রিম এবং ক্রিমি ওমালির মতো মিষ্টিজাতীয় খাবার। জনপ্রতি পাঁচ হাজার টাকায় ভোজনরসিকেরা প্রতিদিন বুফে ডিনারে অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পেপসির জাতীয় বিপণন ব্যবস্থাপক আনিসুর রহমান, এমিরেটসের বিপণন ব্যবস্থাপক ইসমাইল ভুঁইয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব রিটেইল প্রোডাক্টস অ্যান্ড সেগমেন্টস শাফকাত হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকার জিএম ড্যানিয়েল মুহর।