রাজধানীবাসীর উৎকণ্ঠার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের সমাবেশ উপলক্ষে গতকাল সতর্ক অবস্থায় ছিল নিরাপত্তা বাহিনী। বিকেলে শাহবাগ এলাকার ছবি ষ প্রথম আলো
১৮-দলীয় জোটের সমাবেশ উপলক্ষে গতকাল সতর্ক অবস্থায় ছিল নিরাপত্তা বাহিনী। বিকেলে শাহবাগ এলাকার ছবি ষ প্রথম আলো

কী হয়, কী হবে, এমন উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই রাজধানীবাসীর দিনটি শুরু হয়েছিল গতকাল। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ। ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ‘সতর্ক’ অবস্থান নেবে। এই নিয়েই জনমনে শঙ্কা ছিল।
এদিকে আবার সকাল থেকেই মেঘলা আকাশ। থেমে থেমে হালকা বা মাঝারি বৃষ্টি। নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া শুক্রবারের ছুটির দিনটিতে ঘরের বাইরে যেতে আগ্রহী হননি কেউ। ফলে পথে লোকজনের চলাচল ছিল সামান্যই। রাস্তায় ব্যক্তিগত গাড়ি দেখা গেছে খুব কম। সকালে রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ছিল অপেক্ষাকৃত কম। সকাল থেকে বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা চললেও তা ছিল হাতে গোনার মতো। এমনই ছিল গতকাল শুক্রবার রাজধানীর দৃশ্যপট।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন সড়কে ছিল সতর্ক পুলিশ প্রহরা। যাঁরা বাইরে বেরিয়েছিলেন তাঁদের অনেকে পথের পাশের চায়ের দোকানে পরস্পরের সঙ্গে দেশের রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি নিয়েই আলোচনা করেছেন। সব মিলিয়ে রাজধানীতে জনজীবনে লক্ষ করা যায় একধরনের স্থবিরতা। চির চেনা ব্যস্ত ঢাকা ছিল থমথমে ও নিরিবিলি। মিরপুরের বাসিন্দা জাহেদুল প্রথম আলোকে বলেন, ‘রাস্তা ফাঁকা থাকায় মাত্র ১০ মিনিটে মিরপুর থেকে বাসে করে শাহবাগ পৌঁছেছি।’
তবে মধ্যবাড্ডা লিংক রোডে বাসের জন্য অপেক্ষায় থাকা মো. কবির জানান, তিনি হেমায়েতপুর যাবেন। সকাল সাড়ে আটটা থেকে প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু যানবাহন পাননি। পরিবহনের সংখ্যা কম। দু-একটি চললেও এতে ছিল যাত্রীভরা।
এ দিকে সকালে দৈনিক বাংলা, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাস-মিনিবাস চলতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি দেখা যায়নি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কয়েকটি চায়ের দোকান ছাড়া দোকানপাট তেমন খোলা দেখা ছিল না। অন্যদিকে রামপুরা থেকে পল্টন, শাহবাগ থেকে পান্থপথ এলাকায় কিছু খাবার ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব দোকাই ছিল বন্ধ। মালিবাগ রেলগেট, কাকরাইল, পল্টন, প্রেসক্লাব ও সেগুনবাগিচা এলাকার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। গাড়িতে করে তাদের টহল দিতেও দেখা গেছে।
গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে দূরপাল্লার গাড়ি থাকলেও যাত্রী তেমন নেই। দুপুরে কথা হয় হানিফ এন্টারপ্রাইজের (উত্তরবঙ্গ) টিকিট কাউন্টারের কর্মচারী সাইদুর রহমানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির সংখ্যা ৫০টি কমিয়ে দেওয়া হয়েছে। সাউদিয়া পরিবহনের কাউন্টারের কর্মচারী শাহদাত হোসেন জানান, বাস আছে, যাত্রী নেই। ঈদের পর থেকে যাত্রী কম ছিল। সকাল থেকে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যা কম। অনেক যাত্রী আতঙ্কের কারণেও বের হননি।
তবে বিকেলের পর থেকে জনজীবনের এই থমথমে পরিবেশ কেটে গিয়ে একটু করে চাঞ্চল্য ফিরে আসে।