রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গণপরিবহন বাড়ানোর দাবি
নগরের পরিবহনব্যবস্থায় চলছে নৈরাজ্যকর পরিস্থিতি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এ দুর্ভোগ কমাতে গণপরিবহনের সংখ্যা বাড়ানোসহ রেল ও নৌপথকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার এক গোলটেবিল বৈঠকে সংগঠনের বক্তারা এ দাবি জানান।জাতীয় প্রেসক্লাবে ‘জনদুর্ভোগ হ্রাসে গণপরিবহন-ব্যবস্থার উন্নয়নে করণীয়’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করা হয়। এতে সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিকে পর্যাপ্ত গণপরিবহন নেই, নেই হাঁটার রাস্তা। তা ছাড়া প্রতিদিন নতুন নতুন সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে রাজধানীবাসী বিশেষত মধ্যবিত্তদের দুর্ভোগ বাড়ছে।বক্তারা আরও বলেন, ঢাকা শহরের বেশির ভাগ মানুষ গণপরিবহনেই যাতায়াত করে। একটি বাসে ৬০ থেকে ৮০ জন যাত্রী নেওয়া সম্ভব। অথচ একই সংখ্যক যাত্রী পরিবহনে কার প্রয়োজন ৩০ থেকে ৪০টি। অনুষ্ঠানের মূল প্রবন্ধে এ দুর্ভোগ কমাতে স্বল্প মেয়াদে চাহিদা অনুযায়ী বড় বাসের ব্যবস্থা, বাস রুট পুনর্নির্ধারণ, সড়কগুলোতে বাস চলাচলকে অগ্রাধিকার দেওয়া, ফুটপাত হাঁটার উপযুক্ত রাখার ব্যবস্থা করাসহ ১০টি সুপারিশ করা হয়।অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, সাংবাদিক কামাল লোহানী, সারোয়ার জাহান, সাংসদ মুজিবুল হক, পবার চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ। মূল প্রবন্ধ পড়েন ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক মাহবুবুল হক।