রাজধানীমুখী মানুষ, সদরঘাটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ শেষে দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ আজ শনিবার সাপ্তাহিক ছুটির শেষ দিনেও রাজধানীতে ফিরছেন। নদীপথে ফেরা লঞ্চযাত্রীরা পথে পথে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। ছবি: ফোকাস বাংলা
ঈদ শেষে দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ আজ শনিবার সাপ্তাহিক ছুটির শেষ দিনেও রাজধানীতে ফিরছেন। নদীপথে ফেরা লঞ্চযাত্রীরা পথে পথে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। ছবি: ফোকাস বাংলা

ঈদ শেষে দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ আজ শনিবার সাপ্তাহিক ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছেন। নদীপথে ফেরা লঞ্চযাত্রীরা পথে পথে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।

দক্ষিণাঞ্চল থেকে আসা একাধিক লঞ্চের যাত্রীদের অভিযোগ, লঞ্চের ভাড়া বেশি নেওয়া হয়েছে। লঞ্চ টার্মিনালগুলোতে হকার ও কুলিদের উত্পাত। সদরঘাট টার্মিনালে যানবাহন সংকটের কারণে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

ঢাকা নদীবন্দর সূত্র জানায়, আজ ভোর পাঁচটা থেকে দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৪১টি রুট থেকে লঞ্চ এসেছে ৬৯টি। দক্ষিণাঞ্চল থেকে আসা সবগুলো লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।

লঞ্চযাত্রীদের ভোগান্তি ও যাত্রী হয়রানির বিষয়টি উড়িয়ে দিয়ে বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন দাবি করে, যাত্রী হয়রানি বন্ধ ও যাত্রীসেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তত্পর রয়েছে। এ ছাড়া লঞ্চমালিকেরা বাড়তি ভাড়া আদায় করেছেন, এই অভিযোগ সঠিক নয় বলেও দাবি করা হয়।

আমতলী থেকে আসা ইয়াদ লঞ্চের যাত্রী লোকমান শেখ জানান, ‘গতকাল শুক্রবার বিকেলে আমতলী লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে ওঠার সময় লঞ্চের লোকজন ২৫০ টাকা করে ডেকের ভাড়া চেয়েছিল। কিন্তু লঞ্চটি টার্মিনাল ছেড়ে মাঝপথে আসার পর লঞ্চের কর্মচারীরা ইচ্ছেমতো ৩০০ টাকা দাবি করে। ২৮০ টাকা ভাড়া দিয়ে এসেছি।’

লালমোহন থেকে আসা কোকো-৫ লঞ্চের যাত্রী আমির আলী বলেন, ‘গাজীপুর যাব। সকাল সাড়ে ছয়টায় টার্মিনালে এসেছি। কিন্তু কোনো যানবাহন পাইনি। প্রায় তিন ঘণ্টা পরিবার-পরিজন নিয়ে বসে আসি।’ তিনি আরও জানান, অন্তত ঈদ মৌসুমে সরকার বিআরটিসি বাসের ব্যবস্থা করলে একদিকে যাত্রীরা যানবাহন সংকটে পড়ত না, অন্যদিকে ভাড়াও কম লাগত।

পটুয়াখালী থেকে আসা নজরুল ইসলাম জানান, ‘ভোর পাঁচটার দিকে সদরঘাট টার্মিনালে আসি, সাভার যাব। সিএনজিচালিত অটোরিকশা ভাড়া চাচ্ছে ৯০০ টাকা। চালককে ৫০০ টাকা ভাড়া দিতে চেয়েছি। কিন্তু সে ৮০০ টাকার কমে যাবে না। নিরুপায় হয়ে পরিবার পরিজন ও মালামাল নিয়ে ভিক্টোরিয়া পার্কে যাচ্ছি। বাসে চড়ে সাভার চলে যাব।’ তিনি আক্ষেপ করে বলেন, যাত্রী জিম্মি করে এভাবে বাড়তি ভাড়া আদায় করাটা বড় অন্যায়।

মুলাদীগামী অভিযান-৫ লঞ্চের মালিক হামজালাল শেখের দাবি, লঞ্চের ভাড়া বেশি আদায়ের অভিযোগ সঠিক নয়। বরং সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া আদায় করা হচ্ছে।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক সাইফুল ইসলামের দাবি, লঞ্চযাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীরা তত্পর রয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চের যাত্রীরা সাধারণত টার্মিনালে অবস্থান করে না, তারা লঞ্চ থেকে সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যায়।

সদরঘাট টার্মিনালে কর্তব্যরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আহমেদ বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ ও যাত্রীসেবা নিশ্চিত করতে ভোররাত থেকে রাত ১১টা পর্যন্ত পুলিশ কাজ করছে। তিনি জানান, টার্মিনালে কোনো অনিয়ম বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ আগস্ট পর্যন্ত দিন-রাত পালাক্রমে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।