রাজধানীমুখী মানুষের স্রোত
চিকিৎসক ফেরদৌস উজ জামান স্ত্রীকে নিয়ে ঈদে নেত্রকোনায় গ্রামের বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে গতকাল ঢাকায় ফিরলেন। আজ রোববার কর্মস্থলে থাকতে হবে। তিনি বললেন, ‘লম্বা ছুটিটা ভালোই কাটল। ফিরে এলাম কর্মব্যস্ত জীবনে।’
গতকাল শনিবার সারা দিনই সড়ক, রেল ও নৌপথে রাজধানীর প্রবেশপথগুলোতে ছিল ঢাকায় ফেরত আসা মানুষের প্রচণ্ড ভিড়। পরিবারের সঙ্গে ঈদে বেশি সময় কাটাতে অনেকে গত বৃহস্পতিবারও ছুটি নিয়ে টানা আট দিন ছুটি কাটিয়েছেন। আজ রোববার অফিস-আদালত খুলবে। তাই গতকাল রাজধানীর বাস ও রেলস্টেশনগুলোতে গত কয়েক দিনের তুলনায় ঢাকায় ফেরা মানুষ বেশি দেখা গেছে।
শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে কমলাপুর রেলস্টেশনে আসা প্রতিটি ট্রেনে মানুষের চাপ বেশি ছিল। বিকেল চারটা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টি ট্রেন কমলাপুরে এসেছে। সব কটি ট্রেনই ছিল ঢাকামুখী মানুষে ঠাসা। স্টেশনমাস্টার-২-এর দায়িত্বে থাকা নৃপেন্দ্র চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, শুক্রবারের চেয়ে শনিবার ঢাকায় ফেরত আসা মানুষের চাপ বেশি ছিল।
বেলা তিনটায় ময়মনসিংহ থেকে ট্রেনে করে কমলাপুরে এসেছেন ঢাকা সিটি কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী শাকিলা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ট্রেনটা একটু লেট ছিল। এ ছাড়া আর কোনো ভোগান্তি নেই। বাসার জন্য খারাপ লাগছে, তবে আসতে তো হবেই। কী আর করা।’
ট্রেনের মতো একই অবস্থা লঞ্চঘাটে। গতকাল বেলা সাড়ে তিনটায় সদরঘাটে এসে পৌঁছায় চাঁদপুর থেকে আসা তাকওয়া লঞ্চটি। সরকারি চাকুরে হারুন-অর-রশিদ তাঁর পরিবার নিয়ে ওই লঞ্চে করে ঢাকা আসেন। তিনি বলেন, ‘ছুটি এক দিন বাড়িয়ে নিয়েছিলাম। রোজার ঈদের মতো বেশ লম্বা একটা ছুটি কাটালাম পরিবারের সঙ্গে।’
সদরঘাটে বিকেলের পর গণপরিবহনের কিছুটা সংকট দেখা গেল। দম্পতি শিমুল ও তারিন চাঁদপুর থেকে লঞ্চে করে বিকেলে এসে ঢাকায় পৌঁছেছেন। সদরঘাটে এসে মিরপুরে যাবেন বলে তাঁরা অটোরিকশা খুঁজছিলেন। অটোরিকশা না পেয়ে অগত্যা হাঁটা শুরু করলেন। শিমুল বললেন, ‘এতক্ষণ দাঁড়িয়ে আছি, সিএনজি বা ট্যাক্সি কিছুই পেলাম না। সামনে গিয়ে বাসে উঠব।’
একই লঞ্চে করে ঈদ শেষে ঢাকায় ফিরলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সাকিব, তুহিন আর আলভী। সাকিব প্রথম আলোকে বলেন, আর কয়টা দিন বাড়িতে থাকতাম, তবে সামনে ভর্তি পরীক্ষা। চলে এলাম। লঞ্চযাত্রাতে তেমন কোনো ভোগান্তি নেই। তিন বন্ধু গল্প করতে করতেই ঢাকায় ফিরলাম।’
গতকাল ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের ৪১টি নৌপথে ১০৯টি লঞ্চ সদরঘাটে যাত্রী নিয়ে এসেছে। এসব লঞ্চের প্রতিটিতে মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর মো. আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, অনেক মানুষ আজ ঢাকায় ফিরছেন। প্রতিটি লঞ্চেই ছিল ছুটি শেষে ঢাকামুখী মানুষের ভিড়। কাল রোববার থেকে অফিস খোলা তো, তাই অনেকেই আজ ঢাকায় ফিরেছেন।