রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাসের চুলা জ্বলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবুনিবু আগুনে চলছে রান্না। জাফরাবাদ শহীদ বুদ্ধিজীবী রোড থেকে তোলা ছবি l প্রথম আলো
নিবুনিবু আগুনে চলছে রান্না। জাফরাবাদ শহীদ বুদ্ধিজীবী রোড থেকে তোলা ছবি l প্রথম আলো

গ্যাসের চুলায় আঁচ নেই, কিন্তু রান্না তো করতেই হবে। বিকল্প উপায় বেছে নিয়েছেন তিনি। চুলায় হাঁড়ি চড়িয়ে বাঁশের ঝুড়ি ভেঙে একটি করে চিলতে আগুন জ্বালিয়ে চুলায় দিচ্ছেন। একটু একটু করে সেদ্ধ হচ্ছে খাবার। কয়েক দিন ধরে কোনো না কোনো বিকল্প ব্যবস্থায় রান্না চলছে রায়েরবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এই গৃহিণীর।
দুই সপ্তাহের বেশি সময় ধরে রায়েরবাজার বধ্যভূমির বিপরীত দিকের লোকালয়ে দিনের বেলায় চুলা জ্বলে না। অনেক সময় গভীর রাতে গ্যাসের চাপ আসে। শুধু রায়েরবাজার নয়, রাজধানীর উত্তরখান, দক্ষিণখানসহ বৃহত্তর উত্তরায়, মিরপুর ১১, সাড়ে ১১ নম্বর সেকশন, শেখেরটেক, শ্যামলী ২ নম্বর রোড, আদাবরসহ মোহাম্মদপুরের বেশির ভাগ এলাকা এবং পুরান ঢাকার অনেক এলাকায় গ্যাসের সংকট তীব্র।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পরিচালক (অপারেশন) এইচ এম আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ঢাকায় গ্যাসের প্রয়োজন ৩৫০ মিলিয়ন ঘনফুট। শীতে চাহিদা বেড়ে যাওয়ায় এবং সব সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে পুরোদমে চলায় গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। চলামান গ্যাস-সংকট কবে নাগাদ কমবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ কমবে। তবে আমরা চেষ্টা করছি সমস্যা কমিয়ে আনতে।’
তিতাসের পরিচালক আরও বলেন, ‘পেট্রোবাংলাকে আমরা অনুরোধ করেছি, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস কিছু কম ব্যবহার করা যায় কি না, তা নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে।’
জানা যায়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে শুক্রবার গ্যাস উত্তোলনে সমস্যা হলেও দ্রুত সেরে গেছে। লোকেশন-১-এর ১ নম্বর কূপ জানুয়ারির মধ্যে চালু হতে পারে। উৎপাদন বাড়লে তিতাস নিশ্চয়ই আরও বেশি গ্যাস পাবে।
মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার বেশির ভাগ বাসিন্দা বিকল্প উপায়ে রান্নার কাজ করছেন। স্থানীয় বাসিন্দা আবদুল মতিন বলেন, গ্যাসের সমস্যা চলছে। এবার গত বছরের চেয়েও বেশি সমস্যা।
শেখেরটেকের বেশির ভাগ বাড়িতেই দিনের অধিকাংশ সময় চুলা জ্বলছে না। ১০ নম্বর রোডের বাসিন্দা মাসুমুর রহমান বলেন, গত কয়েক দিন খুব সকালে গ্যাস চলে যায়, আসে বিকেলের আগে।
জাকির হোসেন রোডের প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাসের সমস্যা। ই-ব্লকের ৩১ নম্বর বাড়ির বাসিন্দা মো. রুবেল বলেন, শীত এখনো পুরোপুরি আসেনি, অথচ এরই মধ্যে গ্যাসের তীব্র সমস্যা দেখা দিয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টিম টিম করে চুলা জ্বলে। এই আঁচে রান্না সম্ভব নয়।
মোহাম্মদপুরের বরাব মোহনপুরের ৫/১/এফ নম্বর বাড়ির বাসিন্দারা জানান, প্রায় পাঁচ মাস ধরে গ্যাসের সমস্যা। উত্তর ঢাকার তিতাস গ্যাস কোম্পানির অভিযোগকেন্দ্রে বিষয়টি জানানোর পর এখন সমস্যা আরও বেড়েছে।
মিরপুরের ১১ ও সাড়ে ১১ নম্বর সেকশন এলাকায় দুই ঘণ্টাও গ্যাস থাকে না বলে অভিযোগ। উত্তরখান, দক্ষিণখানে অনেক সময় রাতের বেলায়ও চুলা জ্বলছে না।
পুরান ঢাকায় শীতকালে সরু পাইপের জন্য গ্যাসের স্বল্প চাপ থাকে। গত বছর সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী থানা এলাকায় গ্যাসের পাইপলাইন সংস্কারের জন্য রীতিমতো ঘোষণা দিয়ে সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তার সুফল আসেনি এবারও। এবার শীত আসার অনেক আগে থেকেই স্বল্পচাপ সমস্যা। গত কদিনে আরও বেড়েছে। কোনো কোনো এলাকায় সকাল সাতটা থেকে টানা আট-নয় ঘণ্টা চুলায় আঁচ প্রায় থাকছে না।
পুরান ঢাকার কোনো কোনো এলাকায় সকাল সাতটা থেকে আট-নয় ঘণ্টা চুলায় আঁচ প্রায় থাকছেই না। তাঁতীবাজারের কিছু অংশ, রাজার দেউড়ি, গোয়ালনগর ও আশপাশের এলাকা, ঢালকানগর, হাজারীবাগের অনেক এলাকায় গ্যাস নেই।
গেন্ডারিয়া এলাকায় এস কে দাস রোড, কাঠেরপুল, বাগিচা, রজনী চৌধুরী লেন, শশীভূষণ চ্যাটার্জি রোডসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে।
তাঁতীবাজারের পাশে পচা গলিতে এবং গেন্ডারিয়া শশীভূষণ চ্যাটার্জি রোডে ভাতের হোটেলগুলোতে রান্না হচ্ছে সিলিন্ডারে। এ কারণে খরচ বেশি হচ্ছে, তাই খাবারের দামও বেশি নেওয়া হচ্ছে।