রাজধানীর অন্যতম নারী মাদক ব্যবসায়ী সামছুন্নাহার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন রাজধানীর অন্যতম নারী মাদক ব্যবসায়ী সামছুন্নাহার চম্পা (৪৫)। গতকাল সোমবার রাতে মুগদাপাড়া থেকে অস্ত্র ও মাদকসহ তাঁকে গ্রেপ্তার করে র্যাব।র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ অক্টোবর সামছুন্নাহারকে হেরোইন ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিল র্যাব-৩। কিন্তু কয়েক দিন যেতে না-যেতেই তিনি আবারও জামিনে বের হন। এর আগেও পুলিশ, গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে একাধিকবার গ্রেপ্তার করেছেন। পুলিশ জানিয়েছে, সামছুন্নাহারের বিরুদ্ধে শুধু সবুজবাগ থানায়ই আটটি মামলা রয়েছে।রাজধানীর অন্যতম আরেক নারী মাদক ব্যবসায়ী রুশিয়া বেগম ওরফে মাফিয়া চুন্নির সঙ্গে দীর্ঘদিন সবুজবাগ এলাকায় একসঙ্গে ব্যবসা করেছেন সামছুন্নাহার। পরে চুন্নির সঙ্গে সম্পর্কের অবনতি হলে তাঁরা পৃথকভাবে ব্যবসা শুরু করেন। ব্যবসায়িক অংশীদার থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন তাঁরা দুজন। এ বছরের গত ১৭ নভেম্বর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খাজা মাহফুজুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হন রুশিয়া বেগম ও তাঁর ছেলে রনি। রুশিয়ার গ্রেপ্তারের পরপরই জেল থেকে ছাড়া পান সামছুন্নাহার। এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেল থেকে ছাড়া পেয়েই সামছুন্নাহার আবারও ব্যবসা শুরু করেন।র্যাব-৩-এর কর্মকর্তারা জানান, গতকাল মুগদাপাড়া বিশ্বরোড এলাকা থেকে র্যাব-৩-এর মেজর বেগ সাব্বির আহমেদ ও সহকারী পুলিশ সুপার ইকবাল শফির নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে। চম্পার কাছ থেকে একটি দেশে তৈরি পিস্তল, ৫০ গ্রাম হেরোইন, ১৫০টি ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে মুগদা, বাসাবো, সবুজবাগ এলাকায় পাইকারি ও খুচরা মাদক ব্যবসা করে আসছেন সামছুন্নাহার।