রাজধানীর আকাশে আজ মেঘ থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কিছুটা আর্দ্রতার পরশ পেল রাজধানীবাসী। গতকাল সোমবার ঢাকার আকাশজুড়ে ধূসর মেঘ আর ভূমিতে হালকা বৃষ্টিপাত ধুলোমাখা এই শহরে কিছুটা স্বস্তির প্রলেপ দিয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবারও রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা থাকতে পারে। মেঘ থাকতে পারে ময়মনসিংহ থেকে শুরু করে চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বেশির ভাগ জেলায়। ওই জেলাগুলোর দু-এক স্থানে হালকা বৃষ্টিও হতে পারে। দেশের অন্যত্র বরাবরের মতোই শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, বসন্তের এই সময়ে সাধারণত পশ্চিমা লঘুচাপ ও দখিনা বাতাস একত্র হয়। এতে আকাশে মেঘ সৃষ্টি হয়ে হালকা বৃষ্টিপাত হয়ে থাকে। গতকাল রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলে আবহাওয়ার ওই অবস্থা বিরাজ করে। ফলে মেঘ ও বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবারও আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টি থাকতে পারে। তারপর আবহাওয়া স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা আছে। তবে বসন্তের এই সময়ে দখিনা বাতাস স্বাভাবিকভাবেই বেশি থাকে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে গতকাল রাজধানী ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে খুব সামান্য বৃষ্টি হয়েছে। বেশির ভাগ স্থানেই তা এক মিলিমিটারের চেয়ে কম পরিমাপ করা হয়েছে। আকাশে মেঘ ও হালকা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। আকাশে মেঘ থাকায় দিনে সূর্যের তাপও কম পেয়েছে রাজধানীবাসী। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল কম।
অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।