রাজধানীর আশপাশে ঈদের জামাত
কাল বুধবার পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকার আশপাশের জেলাগুলোর ঈদের প্রধান প্রধান জামাতের সময় জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত হবে শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়। দ্বিতীয়টি সাড়ে আটটায়। শহরের খানপুর হাসপাতাল রোড এলাকায় ইসলামি কাফেলা ঈদগাহ মাঠে প্রথম জামাত হবে সকাল আটটায়। নয়টায় দ্বিতীয় জামাত। কাশীপুর ঈদগাহেও জামাত হবে দুটি। একটি সকাল সাতটায়, অপরটি সোয়া আটটায়। শহরের ডিআইটি রেলওয়ে কলোনি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে আটটায়।
গাজীপুর: জেলার প্রধান ঈদের জামাত হবে নগরের রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায়। আবহাওয়া খারাপ থাকলে সাড়ে আটটায় কোর্ট মসজিদে ওই জামাত হবে। সকাল আটটায় ঈদের জামাত হবে চান্দনা চৌরাস্তা ও কালিয়াকৈরের সফিপুর আহাম্মদ নগর ঈদগাহ মাঠে। কালিয়াকৈর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত হবে নয়টায়।
মুন্সিগঞ্জ: জেলার প্রধান ঈদের জামাত হবে সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে জামাত হবে আটটায়।
মানিকগঞ্জ: প্রধান জামাত হবে সকাল নয়টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে। একই সময়ে শহরে আরেকটি বড় জামাত হবে সিদ্দিকনগর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব দরবার শরিফের মাঠে।
নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। বাগমারা পুরাতন কোর্ট ভবন চত্বরে ঈদের জামাত হবে সকাল আটটায়। একই সময়ে দোহার উপজেলার জয়পাড়া বাজার বড় মসজিদ ও কাটাখালী মেছেরখান উচ্চবিদ্যালয় মাঠে ঈদের জামাত হবে।
সাভার: উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত হবে সকাল সাড়ে সাতটায়। সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে জামাত সকাল আটটায়। একই সময়ে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও ধামরাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে।