রাজধানীর একাধিক স্থানে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে ও ফ্রান্সের একটি পত্রিকায় কার্টুনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে কয়েকটি ধর্মভিত্তিক দল।বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় গতকাল সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ওই এলাকায় কয়েকটি জলকামান এবং সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়। জুমার নামাজে আসা মুসল্লিদের দেহ তল্লাশি করে মসজিদে ঢুকতে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পুলিশের প্রস্তুতি দেখে নামাজের পর মিছিল বের করা নিয়ে প্রথমে দ্বিধাদ্বন্দ্বে পড়েন ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা। একপর্যায়ে ইসলামী ঐক্য আন্দোলনের নেতা মোস্তফা তারেকুল হাসান কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন। বিশৃঙ্খলা না করার শর্তে ওই কর্মকর্তার সায় পেয়ে মসজিদের উত্তর ফটক থেকে মিছিল শুরু করেন দলটির নেতা-কর্মীরা। এরপর মিছিল বের করে ইসলামী আন্দোলন।মিছিল শেষে ইসলামী ঐক্য আন্দোলন জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ও ইসলামী আন্দোলন পুরানা পল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে মহানবীর অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন পাস এবং ওই বিকৃত চলচ্চিত্র নির্মাতার দৃষ্টান্তমূলক শাস্তি ও চলচ্চিত্রটি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।এদিকে জুমার নামাজের পর রাজধানীর কুড়িল এলাকায় মিছিল বের করে ‘মহানবী (সা.)-এর অবমাননা প্রতিরোধ কমিটি’ নামের একটি সংগঠন। পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা প্রগতি সরণিতে রাস্তার এক পাশ আটকে সমাবেশ করে। সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মুফতি নূর হোসাইন, সদস্যসচিব আনিসুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে সংগঠনটির একটি প্রতিনিধিদল পুলিশের গাড়িতে চড়ে ঢাকার মার্কিন দূতাবাসে স্মারকলিপি দেয়।