রাজধানীর খাল উদ্ধারে রাজনৈতিক সদিচ্ছা দরকার
ঢাকা মহানগরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হলে অবিলম্বে বেদখল ও বিলীন হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করতে হবে। তার জন্য রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করা দরকার।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকার খাল: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এ কথা বলেন। ডব্লিউবিবি ট্রাস্ট এ সভার আয়োজন করে। সভায় আলোচকেরা বলেন, রাজধানীর মানুষ প্রাত্যহিক কাজে ব্যবহার করত এমন অনেক খাল বিলীন ও বেদখল হয়ে গেছে। অনেক খালের ওপর আবাসন কোম্পানি ব্যবসা গেড়ে বসেছে। গত ৪০ বছরে খালগুলো বন্ধ ও দখল হয়ে যাওয়ায় নগরে পানিসংকট, দূষণ ও তাপমাত্রা বেড়েছে।সভায় বলা হয়, খালসহ সব জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। কারণ ময়লা ফেললে খাল ভরাট হয়, আর তা দখল করে ভবন নির্মাণ করা হয়। ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক পরিচালক সৈয়দ মাহবুবুল আলম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। ওই মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) জ্যেষ্ঠ আইনজীবী ইকবাল কবির, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামান, ঢাকা সিটি করপোরেশনের প্রকৌশলী আবদুর রাজ্জাক, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।