রাজধানীর খালগুলো ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দোলাইরপাড়ের এই খালটি আবর্জনায় ভরে থাকায় পানি সরে না। একটু বৃষ্টিতেই আশপাশের এলাকায় সৃষ্টি হয় প্রচণ্ড জলাবদ্ধতা। গতকাল সকালে তোলা ছবি l হাসান রাজা
রাজধানীর দোলাইরপাড়ের এই খালটি আবর্জনায় ভরে থাকায় পানি সরে না। একটু বৃষ্টিতেই আশপাশের এলাকায় সৃষ্টি হয় প্রচণ্ড জলাবদ্ধতা। গতকাল সকালে তোলা ছবি l হাসান রাজা

পলিথিন ও খাবারের প্যাকেট আর প্লাস্টিকের বোতল এলোপাতাড়ি পড়ে আছে। সঙ্গে গৃহস্থালি বর্জ্যের স্তূপ। দূর থেকে দেখলে একে খাল ভাবা মুশকিল। তবে কাগজে-কলমে এটি স্থানীয়ভাবে বাইশটেকি খাল।
খালে পানি থাকে, সঙ্গে থাকে প্রবাহ। তবে মিরপুর ১৩ নম্বরের বাইশটেকি খালে এর কোনোটাই নেই। সামনে গিয়ে ময়লার ভাগাড় ভেদ করে সামান্য কালো তরল পদার্থ দেখা গেলেও তাকে পানি বলা মুশকিল।
স্থানীয় বাসিন্দা মামুন উর রশীদ জানালেন, এ খাল দিয়ে একসময় মিরপুর ১৩ ও ১৪ নম্বর এলাকার বৃষ্টির পানি নামত। কিন্তু তা এখন ময়লার ভাগাড়।
বাইশটেকির মতো একই অবস্থা মিরপুর কালশী সড়কের সাংবাদিক কলোনি-সংলগ্ন রূপনগর খালটিরও।
নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ভেতরে ৫০টির বেশি প্রাকৃতিক খাল ছিল, সেগুলো দিয়ে রাজধানীর ভেতরের পানি নদীতে গিয়ে পৌঁছাত। খালগুলো ঘিরে নগরের বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগব্যবস্থা চালু থাকত।
ঢাকা ওয়াসার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, খাল ও জলাশয় ভরাট হয়েছে—এমন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ বেশি। রাজধানীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের কাজে যুক্ত এই সরকারি সংস্থাটির হিসাবে মোট সাতটি এলাকায় বেশি জলাবদ্ধতা হচ্ছে। ঢাকা শহরে ২৫টি খাল চিহ্নিত করে তা পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। এর মধ্যে ১২টি খালের দুই পাড় পাকা করে দেওয়া হচ্ছে।
অবশ্য বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নগর সুশাসন সম্পাদক স্থপতি ইকবাল হাবিব মনে করেন, ঢাকা ওয়াসা যেভাবে বিচ্ছিন্নভাবে খাল খনন করছে, তাতে কোনো লাভ হবে না। তিনি বলেন, খালের পুরোটা উদ্ধার করা হচ্ছে না। কিছু অংশ উদ্ধারের পর তার দুই পাশ বেঁধে দেওয়া হচ্ছে। এতে দখলের সুযোগ সৃষ্টি হচ্ছে।
হাতিরঝিল ও ধানমন্ডি লেকের উদাহরণ টেনে ইকবাল হাবিব বলেন, ওই জলাশয় দুটি হাতিরঝিল প্রকল্প ও ধানমন্ডি লেক প্রকল্পের মাধ্যমে সঠিকভাবে ব্যবস্থাপনার আওতায় আনার ফলে এলাকা দুটির আশপাশে জলাবদ্ধতা কমেছে। খালগুলোকে আগের আকারে ফিরিয়ে আনলে জলাবদ্ধতা কমতে পারে।
ওয়াসার পর্যবেক্ষণ অনুযায়ী, জলাবদ্ধপ্রবণ এলাকাগুলো হচ্ছে মিরপুর (১০ নম্বর গোল চক্কর থেকে শুরু করে ১১, ১৩ ও ১৪ নম্বর), বাড্ডা, ধানমন্ডির রাপা প্লাজার চারপাশের এলাকা, ফার্মগেট, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, মালিবাগ, মৌচাক, বেইলি রোড, মগবাজার, খিলগাঁও, শান্তিনগর, মতিঝিল, ফকিরাপুল, নয়াপল্টন, রাজারবাগ, গুলশান ও আরামবাগ এলাকা।
এ এলাকাগুলোর বৃষ্টির পানি একসময় সেগুনবাগিচা খাল, জিরানি খাল, বাসাবো খাল ও বেগুনবাড়ী খালের মোট ৪৩ কিলোমিটার এলাকা দিয়ে নিষ্কাশন হতো।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম চৌধুরী বলেন, তাঁরা বেশ কয়েকবার খালগুলো দখলমুক্ত করেছেন। কিন্তু কিছুদিন পরই তা আবারও ময়লা ফেলে দখল করে নেন স্থানীয় লোকজন।