রাজধানীর গরুর হাটও আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

হাট পরিচালনার লাগাম এবারও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হাতে। একজনের নামে ইজারা দেওয়া হলেও টাকার ভাগাভাগি হচ্ছে শাসকদলের নেতা-কর্মীদের মধ্যে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ফসিহউদ্দিন আহমেদ প্রথম আলো ডটকমকে বলেছেন, সর্বোচ্চ দরদাতাকে তাঁরা হাট ইজারা দিয়েছেন; রাজনৈতিক পরিচয়ে কেউ হাট পাননি।
আর দক্ষিণের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘হাট ইজারা নিতে টেন্ডার কিনেছেন খুব কম লোকজন। কেন যেন মনে হলো, টেন্ডারে অংশগ্রহণকারীদের সবাই আত্মীয়স্বজন। তবু আইন-কানুন মেনে সর্বোচ্চ দরদাতাকেই হাট ইজারা দেওয়া হয়েছে।’
অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন অস্থায়ী ১৯টি পশুর হাটের ১৫টিই পেয়েছেন ক্ষমতাসীন দলের লোকজন। ইজারামূল্য সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাটের ইজারামূল্য বাড়লেও দক্ষিণের অবস্থা নাজুক। দক্ষিণের হাটগুলোর কোনো কোনো হাটের ইজারামূল্য কমেছে, কোনোটির আবার বাড়ার পরিমাণ খুবই কম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নয়টি হাটের আটটি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা পেয়েছেন। তবে, আগারগাঁও বস্তির খোলা জায়গার পশুর হাটের ইজারাদার মজিবর রহমান খান ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁকেও শাসকদলের স্থানীয় নেতাদের সঙ্গে সমঝোতা করে শেয়ার দিতে হয়েছে। এ ছাড়া উত্তরার একটি হাট মামলাজনিত কারণে ইজারা দেওয়া যায়নি এখনো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি মাঠের সাতটি পেয়েছেন আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে দুটি হাট দুটি ক্লাবকে বরাদ্দ দেওয়া হয়েছে। আর একটি পেয়েছেন একজন ব্যবসায়ী। যে দুটি ক্লাব হাট বরাদ্দ পেয়েছে, তার একটির সভাপতি ক্ষমতাসীন দলের একজন সাংসদ।

ইজারাদারদের খুঁজতে প্রথম আলো ডটকম আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাদের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাট থেকে যে টাকা উঠবে, তার ভাগ পাবেন ইজারাদারের পাশাপাশি দলের প্রভাবশালী নেতারাও।

কোন হাট কার, মূল্য কত

খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার মাঠটি গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা দিয়েছিল ৩৭ লাখ ৫৫ হাজার টাকায়। তিনবার দরপত্র আহ্বান করেও গত বছরের চেয়ে ইজারামূল্য এক পয়সাও বাড়ানো যায়নি এবার। বরং ১০ লাখ টাকা কমে হাটটি ইজারা নিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ নাজু।

জানা গেছে, হাটটির দাম উঠেছিল ১৯ লাখ ১০ হাজার টাকা। এই দাম গত তিনবারের মধ্যে সবচেয়ে কম। তিন বছরের মধ্যে সবচেয়ে কম দাম ওঠায় সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছিল সিটি করপোরেশন। গতকাল সোমবার ২৬ লাখ ৯৯ হাজার টাকায় হাটটি ইজারা দেওয়া হয় নাজিমউদ্দিনকে।

নাজিমউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে তিনি হাটের কাজ শুরু করেছেন। আর কেউ শিডিউল কিনেছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই ওয়ার্ডে যুবদলের সভাপতি হালিম কিনেছিল। পায় নাই। শহীদ নামে আরও একজন কিনেছিল।’

আরমানিটোলা খেলার মাঠের ইজারামূল্যও কমেছে। গত বছর এই হাটের ইজারামূল্য ছিল চার কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। এ বছর সরকার ৩৭ লাখ টাকা কম মূল্যে হাটটি ইজারা দিয়েছে। এ হাট নিয়েছেন ৬৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস রশিদ।

আরমানিটোলা খেলার মাঠের জন্য দরপত্র কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী আশিকুর রহমান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘হাটের ইজারামূল্য বেশি হতে পারে ভেবে করপোরেশন তৃতীয় দফা টেন্ডারে যায়। আমি শিডিউল কিনতে সোনালী ব্যাংকের নগর ভবন শাখায় ৮৮ হাজার ৪০০ টাকা জমাও দিই। কিন্তু আমাকে শিডিউল দেওয়া হয়নি। এ নিয়ে আমি প্রশাসক বরাবর দরখাস্ত জমা দিয়েছি।’

জানা গেছে, শিডিউল জমা দিতে আশিকুর রহমান এ-টেবিল, ও-টেবিল ঘুরেছেন। কিন্তু জমা নিতে কেউ আগ্রহ দেখাননি।

উত্তর শাজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠটির ইজারা পেয়েছেন কাজী কামরুল আহমেদ। তিনি ৮১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই মাঠের ইজারামূল্য গত বছর ছিল পাঁচ লাখ ৪০ হাজার টাকা, এ বছর দাম হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টাকা।

মহানগর আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা প্রথম আলো ডটকমকে বলেন, খিলগাঁও রেলগেট এলাকার ‘সব কার্যক্রম’ নিয়ন্ত্রণ করেন কাজী কামরুল আহমেদ। কাজেই গরুর হাটটি তিনি ও তাঁর সহযোগীরা ছাড়া কারও পাওয়ার কথা নয়।

জানতে চাইলে কাজী কামরুল আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘মাঠ ছোট। পাড়ার ভেতরে। লাভ হয় না বেশি। আগে তো ডাকই হইত না। তিন-চার বছর ধইরা হইতেছে। প্রতিবছরই আমি পাইতেছি।’ আর কেউ ‘ডাকে’ অংশ নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নিতে পারে দুই-একজন।’

খিলগাঁওয়ের এই মাঠটির মতো ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠের ইজারামূল্য বেড়েছে ৫০ হাজার টাকা। আর ধুপখোলার ইস্ট এন্ড ক্লাব পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন খালি জায়গায় ইজারামূল্য বেড়েছে ৮০ হাজার টাকা। একইভাবে ঝিগাতলা হাজারিবাগ মাঠের ইজারামূল্য বেড়েছে প্রায় ৩৫ লাখ টাকা। এ মাঠটির ইজারাদার জাহিদুল ইসলাম রাজিব, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সজীবের ভাই।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাটের ইজারা পেয়েছিলেন এমন এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সে সময় তিনি আরমানিটোলা মাঠ থেকে লাভ করেছিলেন এক কোটি টাকা। গত কয়েক বছরে ইজারাদারেরা সরকার নির্ধারিত হাসিল মূল্যের চেযে বেশি আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এভাবে মোটা লাভও করছেন তাঁরা।

উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশুর হাটের ইজারাদার মাহবুবুর রহমান নিজেকে স্থানীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকেন। একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন জানিয়ে প্রথম আলো ডটকমকে  তিনি বলেন, ‘১৯৮৯ সালে উত্তরা থানা ছাত্রলীগের প্রথম কমিটির সাধারণ সম্পাদক আমি ছিলাম। আসলে সেবামূলক কাজের অংশ হিসেবেই ৭২ লাখ টাকায় এবার প্রথমবারে মতো আমি এই হাটের ইজারা পেয়েছি, আগের বছর ছিল ৩৫ লাখ টাকা। তবে এবার কোনো লাভ হবে না।’

এক কোটি সাত লাখ টাকায় খিলক্ষেত কোরবানির পশুর হাটের ইজারা পেয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দরপত্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কেরামত আলীও আওয়ামী লীগের রাজনীতি করেন।

অবশ্য আগারগাঁও বস্তির খোলা জায়গার পশুর হাটের ইজারাদার মজিবর রহমান খান ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁকেও শাসকদলের স্থানীয় নেতাদের সঙ্গে সমঝোতা করে শেয়ার দিতে হয়েছে। কিন্তু পাশের  তালতলা হাটের শেয়ার আওয়ামী ও বিএনপির নেতা-কর্মীরাই ভাগাভাগি করে নিয়েছেন। মেসার্স প্রেমা এন্টারপ্রাইজের নামে ইজারা নেওয়া হয়েছে এই পশুর হাটের। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফয়সল আহমেদ বাবুল নিরপেক্ষ ব্যক্তি বলে জানিয়েছেন হাটের পরিচালনাকারী দেলোয়ার হোসেন। কিন্তু দেলোয়ার জানান, তিনি ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এখানে দলীয় কোনো ভেদাভেদ নেই। সবাই সমান।’

মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের পশুর হাটের তত্ত্বাবধায়ক এম এ খান খাজা জানান, ইজারাদার খোকন মৃধা পাশের একটি গ্রামের ছেলে। খোকনের নামে ইজারা নেওয়া হলেও স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতার উপদেশে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতাদের মধ্যে কয়েক শ শেয়ার কোটা হিসেবে ভাগ করা হয়েছে।

পল্লবী আওয়ামী লীগের সদস্য পরিচয় দিয়ে এম এ খান খাজা বলেন, ‘আসলে, কোরবানি ঈদের পশুর হাট তো একটি উত্সব। তাই এমন হয়েছে। এখানে লাভ-লোকসান বড় কিছু নয়।’