রাজধানীর চার তৈরি পোশাক কারখানাকে জরিমানা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর চারটি ক্ষুদ্র তৈরি পোশাক কারখানাকে জরিমানা করেছেন। অগ্নিপ্রতিরোধব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করা এবং দমকল বাহিনীর লাইসেন্স নবায়ন না করার অপরাধে এই জরিমানা করা হয়।আদালত রাজধানীর ১/১ উত্তর কমলাপুরে কেআরসি টপ শার্ট লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানাকে ৪০ হাজার টাকা, মালিবাগের ইনার সার্কুলার রোডে ফ্যামিলিয়ার ইউনিট-২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, হাতিরপুলের ৪৫ ফ্রি-স্কুল স্ট্রিটে টিএইচ ফ্যাশন ও ২/বি, এলিফ্যান্ট রোডের গ্রিন ভেলি অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা করে এক মাসের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন। এতে সহায়তা করেন দমকল বাহিনীর সহকারী পরিচালক জহুরুল আমিন মিয়া ও পরিদর্শক ফখরুদ্দিনসহ একটি দল এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।