রাজধানীর চারপাশে ১৮৫টি বর্জ্যমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার চারপাশে ১৮৫টি বর্জ্যমুখ রয়েছে, যা বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর পানিতে দূষণ তৈরি করছে। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
সুকুমার রঞ্জন ঘোষের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের চারটি নদীর তীরে ১৮৫টি বর্জ্যমুখের তালিকা করা হয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গার তীরে সাতটি ও শীতলক্ষ্যার পাড়ে ৩৭টি বর্জ্যমুখ বন্ধ করা হয়েছে। অন্যান্য বর্জ্যমুখ বন্ধের কাজ চলমান আছে।
নুর জাহান বেগমের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কক্সবাজারের টেকনাফ, ঘোড়াশাল, কিশোরগঞ্জের চামড়া নদীতে ও ফরিদপুরে একটি নৌবন্দর তৈরি করা হবে। কাজী রোজীর প্রশ্নের জবাবে তিনি জানান, সুন্দরবনের শ্যালা নদীর বিকল্প হিসেবে মংলা-ঘষিয়াখালী চ্যানেল জুনের মধ্যে চালু করা হবে। এ জন্য মন্ত্রণালয়ের সব ড্রেজার দিয়ে খননকাজ চালানো হচ্ছে।
টিসিবির মূলধন বাড়িয়ে বিল পাস: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (সংশোধন) বিল, ২০১৫ গতকাল সংসদে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।