রাজধানীর ছয় হাটে বিকাশে কেনা যাচ্ছে কোরবানির পশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো রাজধানীর হাটে বিকাশের মূল্য পরিশোধের মাধ্যমে কোরবানির পশু কিনতে পারছেন ক্রেতারা
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাজধানীর হাটে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কোরবানির পশু কিনতে পারছেন ক্রেতারা। পরীক্ষামূলকভাবে এবার ছয়টি হাটে বিকাশে পশুর মূল্য ও হাসিল পরিশোধের সুযোগ থাকছে।

বিকাশে মূল্য ও হাসিল পরিশোধের সুযোগ থাকা ছয়টি হাট হলো, গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের হাট। উদ্যোগটি পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। নামে দেওয়া হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা বিকাশ পেমেন্টের মাধ্যমে কোরবানির পশু কিনতে পারছেন। অপর দিকে বিক্রেতারাও তাঁদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসা পশু বিক্রির টাকা খরচ ছাড়া ক্যাশআউট অথবা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারছেন। সেবা নিশ্চিত করতে হাটে রয়েছেন বিকাশ এজেন্টরা।

এদিকে প্রথমবারের মতো হাসিল ব্যবস্থাপনাকেও ডিজিটাল করা হয়েছে। হাটের বিভিন্ন স্থানে দেওয়া বিকাশের কিউআর কোড স্ক্যান করে ক্রেতারা হাসিলের অর্থ পরিশোধ করতে পারছেন। ইজারাদারও বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আসা টাকা এজেন্টের কাছ থেকে কোনো খরচ ছাড়াই ক্যাশআউট করতে পারছেন। বিকাশের মাধ্যমে সরাসরি অর্থ নেওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টেও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটে ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’ খোলার ব্যবস্থা রেখেছে বিকাশ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, হাটের জন্য খোলা এই বিশেষ অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে ক্যাশআউটের দৈনিক লেনদেনসীমা প্রযোজ্য হবে না।

এ ছাড়া মাসিক লেনদেনসীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ করা হয়েছে। একইভাবে পেমেন্টের ক্ষেত্রেও মাসিক লেনদেনসীমা ৫ লাখ থেকে ১০ লাখ টাকা করা হয়েছে। ১২ জুলাইয়ের পর লেনদেনসীমা আবার আগের অবস্থায় ফিরে আসবে।

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সহযোগী হিসেবে রয়েছে। হাটগুলোর প্রতিটিতে এমএফএস পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ।