রাজধানীর জন্য ৯৫০টি বাস আমদানি করবে বিআরটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সাড়ে ৯০০ বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ছয় মাসের মধ্যে এর অর্ধেক বাস চলে আসবে। তাতে ঢাকার রাস্তায় বাসসংকটও কিছুটা কমবে।জানা গেছে, নতুন বাসগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে ৩০০ বাস আমদানি করা হবে। এ নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি, তবে এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র বিআরটিসি থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়েছে।জানা গেছে, দক্ষিণ কোরিয়া তিন কোটি ডলার বা প্রায় ২০০ কোটি টাকা ঋণ দেবে এসব বাস কেনার জন্য। তবে ঋণের শর্ত অনুযায়ী বাসগুলো দক্ষিণ কোরিয়া থেকেই সংগ্রহ করতে হবে। সে জন্য ওই দেশের বাস নির্মাতা কোম্পানিগুলোর মধ্যেই দরপত্র আহ্বান করতে হবে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া থেকে প্রস্তুত বাস আনা হবে, নাকি খোলা অবস্থায় এনে দেশে সংযোজন করা হবে, তা নিয়ে মতদ্বৈধতা রয়েছে। কেউ কেউ বলছেন, এখানে সংযোজন করা হলে কিছু লোকের কর্মসংস্থান হবে এবং পরবর্তী সময়ে বাসে ত্রুটি দেখা দিলে মেরামতের সুবিধা পাওয়া যাবে। অন্য পক্ষ বলছে, তৈরি বাস সংযোজন করা বাসের চেয়ে মানের দিক দিয়ে উন্নত হবে। সরকার এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে শেষ পর্যন্ত সম্পূর্ণ তৈরি করা বাসই আনা হতে পারে বলে সূত্র জানায়।বিআরটিসির নরডিক ফান্ডের দেওয়া ঋণ থেকেও নতুন করে ১৯০টি বাস কেনার পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি সরকার সাড়ে ৩২ কোটি টাকায় চীন থেকে সিএনজিচালিত ১০০ বাস এনে রাস্তায় নামিয়েছে। নরডিক ফান্ড বাস কেনার জন্য ৭৭ কোটি টাকা ঋণ দিয়েছিল। ১০০ বাস কেনার পরও আরও ৪৫ কোটি টাকা রয়ে গেছে। এ অর্থ দিয়েই চীন থেকে ১৯০টি বাস আনা সম্ভব হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, নতুন বাস কেনার জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হবে, নাকি এর আগে ১০০ বাসের সরবরাহকারী ইলেন মোটরসের সঙ্গে পুরোনো চুক্তির অধীনে কেনা হবে, তা ঠিক হয়নি। বিআরটিসির একজন কর্মকর্তা জানান, নতুন করে দরপত্র আহ্বান করা হলে আগের দামে বাস নাও পাওয়া যেতে পারে। অন্যদিকে ইলেন মোটরসের সরবরাহ করা ১০০ বাসের মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফলে তাদের দিয়েই বাস আনানো হলে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই ভয়ও আছে বিআরটিসির।এ দুই উৎসের বাইরে সরকারের ভারতীয় ঋণে আরও সাড়ে ৪০০ বাস আনার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়। জানা গেছে, ভারতীয় ঋণে ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা ও ৫০টি আর্টিকুলেটেড (জোড়া লাগানো) বাস আনার পরিকল্পনা রয়েছে। এসব বাস কিনতে ৩০৪ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে। এর মধ্যে ভারত সরকার দেবে ২৫৫ কোটি ৪৪ লাখ টাকা। বাসের শুল্কবাবদ বাংলাদেশ সরকারের ব্যয় হবে ৪৯ কোটি ২৮ লাখ টাকা। এই বাসগুলোও ভারত থেকে আনতে হবে।যোগাযোগসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, পরিকল্পনামতো ছয় মাসের মধ্যে অন্তত ৫০০ বাস চলে আসবে। তখন রাজধানীতে বাসসংকট অনেকটাই কেটে যাবে।